২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ত্রাণ কর্মীর বিচার স্থগিত করল গ্রিস

২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে শরণার্থীদেরকে গ্রিসে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করায় ২৪ ত্রাণ কর্মীর বিচার শুরুর পরপরই তা মুলতবি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 08:34 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

বিবিসি জানায়, ত্রাণকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে- গুপ্তচরবৃত্তি, জালিয়াতি এবং বেতার তরঙ্গের অবৈধ ব্যবহার।

মানবাধিকার গ্রুপগুলো এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আনীত অভিযোগগুলোকে ‘প্রহসনমূলক’ বলেছে।

অভিবাসী সংকটের কেন্দ্রে থাকা লেসবস দ্বীপের স্থানীয় আদালতে বৃহস্পতিবার শুরু হয় এই বিচার। কিন্তু এরপরই বিচারক জানান, এই মামলার শুনানি করার এখতিয়ার আদালতের নেই।

এই শুনানি এখন হতে হবে আপীল কোর্টে। কারণ, অভিযুক্তদের একজন হচ্ছেন আইনজীবী এবং লেসবস দ্বীপের স্থানীয় আদালতে কোনও আইনজীবীর বিচার করার এখতিয়ার নেই।

অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। এর মধ্যে আছেন- অলিম্পিক সাঁতারু ইয়োসরা মারডিনির বোন ও সিরীয় শরণার্থী সারাহ মারডিনিও। ২০১৫ সালে এই দুই বোনকে বহনকারী শরণার্থী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তারা আন্তর্জাতিক অঙ্গনে মনোযোগ কাড়েন।

কৌসুঁলিদের অভিযোগ, একটি সার্চ অ্যান্ড রেসকিউ টিমের সদস্য ত্রাণকর্মীরা গ্রিসের উপকূলরক্ষীদের রেডিও চ্যানেলে নজরদারি করেছে এবং লেসবসের প্রবেশ নিষিদ্ধ এলাকায় যেতে ভুয়া সামরিক লাইসেন্স প্লেট লাগানো গাড়ি ব্যবহার করেছে।

দোষী প্রমাণিত হলে তাদের আট বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।