খনি দুর্ঘটনার ১১ বছর পর মিলল দেহাবশেষ
নিউজিল্যান্ডের একটি খনি দুর্ঘটনায় ২৯ খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল। তাদেরই অন্তত দুই সেট দেহাবশেষের সন্ধান মিলেছে ১১ বছর পর।
খনির অনেক গভীরে ক্যামেরায় ধরা পড়েছে সেইসব দেহাবশেষ। পাশাপাশি একটি সুড়ঙ্গে ক্যামেরায় উঠে এসেছে আরও একটি লাশের ছবি।
কিন্তু খনির এত গভীরে পৌঁছানো কঠিন হওয়ায় এইসব দেহাবশেষ উদ্ধারের কোনও সুযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।
নিউ জিল্যান্ডে ২০১০ সালে পাইক রিভার কয়লাখনিতে দুটি বিস্ফোরণ ঘটে। ভয়াবহ ওই দুর্ঘটনার সময় খনিতে কাজ করা ৩১ শ্রমিকের মধ্যে মাত্র ২ জন বের হয়ে আসতে পেরেছিলেন।
মারা পড়া শ্রমিকদের মৃতদেহ এতদিন পর্যন্ত পাওয়া যায়নি। একটি গর্ত খুঁড়ে বিশেষজ্ঞরা এখন খনির অনেক গভীর থেকে তাদের দেহাবশেষের ছবি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
এইসব দেহাবষেশ খনির প্রবেশমুখ থেকে অনেক দূরে পড়ে থাকতে দেখা গেছে ক্যামেরায়। সেইখানে ৬ থেকে ৮ জন শ্রমিক কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
খনি দুর্ঘটনার তদন্ত কর্মকর্তা পিটার রিড বলেন, এ মুহূর্তে দেহাবষেশগুলো শনাক্ত করা সম্ভব না। তবে আমরা ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করব।”
উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা মন্ত্রী এন্ড্রু লিটিল বলেন, “আমি জানি কিছু পরিবার চাইবে আরও বেশিকিছু করা হোক। কিন্তু সেটি সম্ভব হবে না।”
২০১৭ সালে সরকার খনি দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অর্থায়ন করেছিল। কিন্তু এ বছরের মার্চ মাসে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
কর্মকর্তারা বলছেন, খনির ভেতরে ২.২ কিলোমিটার (প্রায় ১.৫ মাইল) গর্ত খোঁড়া হয়েছে, কিন্তু কোনও ফল আসেনি। এই উদ্ধারকাজ খুবই কঠিন আর ব্যয়বহুল।
