২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের কাছে দুইটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পলিয়ে গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 10:01 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

খবরে বলা হয়, রোববার হরমোজগান প্রদেশে ৬ দশমিক ৩ এবং ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে। কম্পন অনুভূত হয়েছে দুবাই উপসাগরজুড়ে।

ইরানের রাষ্ট্রীয় টিভি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, “বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে একজন নিহত হয়েছেন।”

এছাড়া, ইরানের হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন একজন কর্মকর্তা। ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

টিভি ফুটেজে দেখা গেছে, বন্দর আব্বাসের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি ইরনা জানায়, ওই এলাকায় ঘরবাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল সেন্টার অফ মেটেওরোলজি এক টুইটে বলেছে, আরব আমিরাতের পূর্ব পাশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র একটি ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৫ উল্লেখ করেছে। ভূতাত্ত্বিক ফল্ট লাইনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইরানে কয়েকটি বিধ্বংসী ভূমিকম্প হয়েছে।