২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় এক জুটিকে প্রকাশ্যে বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহরে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এক নারী ও তার অংশীদার পুরুষকে প্রকাশ্যে ১৭ বার বেত্রাঘাত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 09:09 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

বেত্রাঘাতের সময় ওই নারী যন্ত্রণায় মেঝেতে পড়ে যান, গণমাধ্যমে এমন ছবি এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শরিয়া আইন ভাঙার জন্য তাদের এ শাস্তি দেওয়া হয়। শরিয়া আইন অনুযায়ী এক পরিবারের সদস্য না হলে বিয়ের আগ পর্যন্ত নারী ও পুরুষ পরস্পরের ঘনিষ্ঠ হতে পারবে না।   

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দা আচেহ শহরে একদল দর্শকের সম্মুখে আলগোজো নামে পরিচিত শরিয়া পুলিশের একজন ‘নির্বাহক’ ওই জুটিকে বেত্রাঘাত করেন।

গণমাধ্যমে আসা ছবিতে একজন পুলিশ কর্মকর্তাকে মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে কিছু বলতে দেখা গেছে, এ সময় সেখানে উপস্থিত লোকজন তাদের ফোন দিয়ে ঘটনার ভিডিও করছিল।

আচেহ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ যারা শরিয়া আইন বাস্তবায়ন করেছে। দেশটির শুধু এ প্রদেশটিই স্বায়ত্তশাসনের ক্ষমতা ব্যবহার করে শরিয়া আইন ও বেত্রাঘাত প্রয়োগ করতে পেরেছে। 

ওই নারী ও পুরুষকে আলাদা আলাদাভাবে একটি ভবনের খোলা চত্বরে তুলে শাস্তি কার্যকর করা হয়। লাল কার্পেট বিছানো ওই চত্বরে নারীটিকে হাঁটু গেড়ে বসিয়ে ও পুরুষটিকে দাঁড়ানো অবস্থায় বেত মারা হয়।

একদল দর্শক সামনের সারি সারি আসনে বসে বেত্রাঘাতের দৃশ্য দেখেন। দর্শকদের বসানোর উদ্দেশ্যে আসনগুলো আগেই পাতা হয়েছিল। 

মাথা থেকে পা পর্যন্ত বাদামী জোব্বা পরা আলগোজোর ‍মুখে চোখের সামনে দুটি ছিদ্র ওয়ালা সাদা একটি মুখোশ ছিল। শাস্তি কার্যকর শুরু করার আগে তিনটি কাঠের লাঠির মধ্যে একটি বাছাই করে নেন তিনি। 

শাস্তি পাওয়া নারীর পরনে সাদা বোরখা ও মুখে মাস্ক ছিল। এ সময় সেখানে উর্দি পরা পুলিশও ছিলেন। পাশাপাশি মাথায় লাল স্কার্ফ পরা কয়েকজন নারীও ছিলেন। 

সাদা পোশাক পরা পুরুষটির মুখেও মাস্ক ছিল। পিঠে বেত মারার সময় তিনি সোজা দাঁড়িয়ে সামনে বসা লোকজনের দিকে তাকিয়ে ছিলেন।

ইন্দোনেশিয়ার অত্যন্ত রক্ষণশীল এই প্রদেশটি মদ্যপান, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও সমকামিতার জন্য বেত্রাঘাতের শাস্তি দিয়ে থাকে।

২০১৮ সালে আচেহর কর্মকর্তারা প্রকাশ্য বেত্রাঘাত বন্ধ করে কারগারের চার দেয়ালের ভেতরে শাস্তি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও প্রকাশ্যে চাবুক মারা ও বেত্রাঘাতের শাস্তি কার্যকর করা আরও বেড়েছে বলে অভিযোগ।