লরিতে পাওয়া গেল অস্ট্রেলিয়ার ‘মোস্ট ওয়ান্টেড ম্যান’কে
অস্ট্রেলিয়ার ‘মোস্ট ওয়ান্টেড ম্যান’ বলে খেতাব পাওয়া এক ব্যক্তিকে দেশজুড়ে চালানো এক অভিযানের মধ্যে একটি লরির ভেতরে পাওয়া গেছে, জানিয়েছে পুলিশ।
সন্দেহভাজন মাদক পাচারকারী মোস্তফা বালুচ (৩৩) তার পায়ে লাগানো ট্র্যাকিং ব্রেসলেট কেটে ফেলেছিলেন বলে অভিযোগ অস্ট্রেলিয়া পুলিশের। তারা এই ব্রেসলেটের মাধ্যমেই সে সিডনির কোথায় আছে তার খবর পেত।
সেই ট্র্যাকিং ব্রেসলেট কেটে ফেলার পর থেকেই মোস্তফার খোঁজ শুরু করে পুলিশ। দেশব্যাপী টানা ১৭ দিনের অভিযানের পর তার খোঁজ পায় তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী মহাসড়কে একটি লরি থামানো হয়। ওই লরিতে থাকা একটি শিপিং কন্টেইনারের ভেতরে একটি গাড়ির মধ্যে মোস্তফাকে পাওয়া যায়।
কন্টেইনারটি লক করা নেই, এটি পুলিশের চোখে পড়ে। তারপর তারা যখন সেটিতে নক করে ভেতর থেকে কেউ একজন পাল্টা নক করে।
নিউ সাউথ ওয়েলস গোয়েন্দা পুলিশের সুপার রব ক্রিচলো বলেন, “সে পুরোপুরি ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে নিজেকে আরও চালক ভেবেছিল।”
বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সে নিউ সাউথ ওয়েলস থেকে কুইন্সল্যান্ড রাজ্যে ঢুকে পড়ার পথে ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
একুইডোর থেকে ৯০০ কেজি কোকেন আমদানির চেষ্টা করার অভিযোগ আছে মোস্তফার বিরুদ্ধে। ট্র্যাকিং ব্রেসলেট খুলে পালিয়ে যাওয়ার সময় ওই মামলায় জামিনে ছিল সে।
অপরাধী চক্রে তার অবস্থান বেশ ওপরে বলে অভিযোগ। পালিয়ে থাকার সময় সে জনগণের জন্য হুমকি হয়ে ছিল বলে মন্তব্য পুলিশের।
বুধবারের মধ্যেই তাকে আদালতে হাজির করার কথা।
মোস্তফাকে ধরার জন্য অভিযান চালাতে ‘প্রচুর অর্থ খরচ হযেছে’ জানিয়ে তাকে জামিন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ মন্ত্রী ডেভিড এলিয়ট।
পুলিশ ওই লরি চালককেও গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একজন পলাতক অপরাধীকে সহায়তা করার অভিযোগ আনা হচ্ছে।
