হাইনানে আফ্রিকান সোয়াইন ফ্লু প্রাদুর্ভাবের কথা জানাল চীন
হাইনান দ্বীপের একটি শূকরের খামার থেকে আফ্রিকান সোয়ানই ফ্লু-র (এএসএফ) প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে জানিয়েছে চীন।
মঙ্গলবার প্যারিসভিত্তিক ওয়াল্ড অর্গানাইজেশন ফর এনিমাল হেলথের (ওআইই) বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংস্থাটি চীনের কর্তৃপক্ষের একটি প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে, ২৩ অক্টোবর হাইনানের হাজারেরও ওপরে প্রাণী থাকা একটি খামারে প্রথম এর লক্ষণ শুরু হওয়ার পর ৩১ অক্টোবর এএসএফের প্রাদুর্ভাব নিশ্চিত হয়।
সোয়াইন ফ্লু মানুষের জন্য প্রাণঘাতী হলেও আফ্রিকান সোয়াইন ফ্লু মানুষের কোনো ক্ষতি করে না। কিন্তু রোগটি শূকরের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। অত্যন্ত ছোঁয়াচে এ ফ্লুতে আক্রান্ত হয়ে মাত্র দু’দিনেই শূকরের মৃত্যু হতে পারে।
এই ভাইরাস শূকরের মাংস, লালা, রক্ত ও কোষ থেকে ছড়ায়। সম্প্রতি এই ভাইরাসটির কারণে চীনে শূকর ও শূকরের মাংস উৎপাদন হ্রাস পেয়েছে।
২০১৮ সালে এটি প্রথমবারের মতো চীনে পৌঁছানোর পর এক বছরের মধ্যে দেশটির ৫০ শতাংশ শূকরের মৃত্যু হয়। বিশ্বে শূকরের মাংসের সবচেয়ে বড় বাজার চীন।
