২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তান ‘ছাড়ছেন’ আটকা পড়া আফগান পাইলটরা

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগান পাইলটরা প্রায় তিন মাস প্রতিবেশী তাজিকিস্তানে আটকে থাকার পর অবশেষে দেশটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 09:54 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

মঙ্গলবার দেড়শরও বেশি আফগান পাইলট ও অন্যান্য সামরিক সদস্য যুক্তরাষ্ট্রের সরকারের ব্যবস্থা করা একটি ফ্লাইটে করে তাজিকিস্তানের রাজধানী দুশানবে ছাড়বেন বলে দুই পাইলট ও তাদের ঘনিষ্ঠজনরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

এই পাইলটদের সবাইকে যুক্তরাষ্ট্রই প্রশিক্ষণ দিয়েছিল।

এই আফগানরা তাদের জন্য পাঠানো ফ্লাইটটির জন্য দুশানবের বিমানবন্দরে সারাদিন ধরে অপেক্ষা করেছেন, কিন্তু বিমানটির আসতে দেরি হচ্ছিল। ফ্লাইটটি বাতিল হবে না এবং দিন শেষ হওয়ার আগেই তারা চলে যেতে পারবেন বলে আশা করছেন ওই পাইলটরা। তাদের মধ্যে গর্ভবতী একজন নারী পাইলটও আছেন।

“আশা করছি শিগগিরই আমরা যেতে পারবো,” তাদের মধ্যে একজন পরিচয় না প্রকাশ করার শর্তে রয়টার্সকে বলেছেন।

তবে এ বিষয়ে দুশানবের মার্কিন দূতাবাসের কোনো মন্তব্য নিতে পারেনি রয়টার্স।

আফগান ‍যুদ্ধের শেষ দিকে উন্নত সামরিক এয়ারক্রাফট নিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে যান এই পাইলটরা। সেখানে যাওয়ার পর তাজিকিস্তানের কর্তৃপক্ষ তাদের আটক করে। তারপর থেকে যুক্তরাষ্ট্র তাদের সরিয়ে নেবে, এই প্রত্যাশায় ছিলেন তারা।

তাজিকিস্তান থেকে সরিয়ে নিয়ে তাদের তৃতীয় কোনো দেশে রাখা হবে। সেখান থেকে চূড়ান্ত গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের যাওয়ার আশা করছেন তারা। সেখানেই স্থায়ীভাবে বসবাস করার কথা ভাবছেন তারা।

অগাস্টে তালেবান আফগানিস্তানের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে কাবুলের দিকে এগোতে শুরু করার পর দেশটির বিমান বাহিনীর সদস্যরা বহু উন্নতমানের সামরিক এয়ারক্র্যাফট নিয়ে প্রতিবেশী তাজিকিস্তান ও উজবেকিস্তানে পালিয়ে যান।

সেপ্টেম্বরে যু্ক্তরাষ্ট্রের করা চুক্তির আলোকে আফগান পাইলট ও অন্যান্য সামরিক সদস্যদের আরও বড় একটি দল উজবেকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান।