জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত
জার্মানির একটি এক্সপ্রেস ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন পুরুষ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর রিগেনসবার্গ ও নুরেমবার্গের মধ্যে চলাচলকারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনাটি ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ওবাফালজ পুলিশ কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, ”আন্তঃনগর-এক্সপ্রেস ট্রেনে একটি হামলার ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ একজন পুরুষকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।”
এর আগে দৈনিক বিল্ড এর অনলাইন সংস্করণে ওই ট্রেনে তিন জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল।
অন্য কোনো হামলাকারীদের পালিয়ে থাকার কোনো প্রমাণ পাওয়া যায় নাই বলে পুলিশের মুখপাত্র জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ৯টায় নয়মাখট জেলায় হামলার ঘটনাটি ঘটেছে, ট্রেনটি ওই সময় রিগেনসবার্গের দক্ষিণপূর্বে সুবার্সডর্ফ স্টেশনে থেমে ছিল।
