বার্লিনে দূতাবাসের বাইরের ফুটপাতে মিলেছিল রুশ ‘গুপ্তচরের’ মরদেহ
বার্লিনে অবস্থিত রাশিয়ার দূতাবাস প্রাঙ্গণের বাইরে থেকে গত মাসে রুশ এক কূটনীতিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম।
দূতাবাস পাহারার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ১৯ অক্টোবর ফুটপাতের ওপর পড়ে থাকা ওই মরদেহটি দেখতে পান।
জার্মান গোয়েন্দা সংস্থার ধারণা, মৃত ওই কূটনীতিক আদতে রাশিয়ার গুপ্তচর ছিলেন।
শুক্রবার জার্মান গণমাধ্যম দের স্পিগেলের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ ওই কূটনীতিক দূতাবাসের উপরের দিককার কোনো তলা থেকে নিচে পড়েন বলে ধারণা করা হচ্ছে; তবে কীভাবে তিনি পড়ে গিয়েছিলেন তা স্পষ্ট হওয়া যায়নি।
মৃত কূটনীতিকের নাম না জানালেও রাশিয়ার দূতাবাস তার মৃত্যুকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ অ্যাখ্যা দিয়েছে।
বিবিসি জানিয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ কূটনীতিকের মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করলেও এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। বার্লিনের পুলিশও এই মৃত্যুর ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মৃত কূটনীতিকের বয়স ছিল ৩৫ এবং তার নাম রুশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির তালিকায় ছিল।
অনুসন্ধানী ওয়েবসাইট বেলিংক্যাট বলেছে, মৃত কূটনীতিক রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির সেকেন্ড সার্ভিসের উপপরিচালকের ছেলে বলে তারা জানতে পেরেছে।
এফএসবির এই সেকেন্ড সার্ভিসই ২০১৯ সালের অগাস্টে বার্লিনের একটি পার্কে সাবেক চেচেন বিদ্রোহী কমান্ডার ও জর্জিয়ার নাগরিক জেলিমখান খাংগোশভিলকে মাথায় গুলি করে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে।
জার্মানি রাশিয়ার বিরুদ্ধে ওই হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগও এনেছিল।
২০২০ সালে রুশ রাজনীতিক অ্যালেক্সি নাভালনিকে ‘বিষপ্রয়োগে’ও সেকেন্ড সার্ভিসের সদস্যরা জড়িত ছিলেন বলে মনে করা হয়।
দের স্পিগেল জানিয়েছে, রুশ দূতাবাস ওই কূটনীতিকের মরদেহের ময়নাতদন্ত করাতে রাজি হয়নি।
পরে এক বিবৃতিতে দূতাবাস জানায়, কূটনীতিকের মৃত্যু নিয়ে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমে যেসব ‘জল্পনা-কল্পনা, মনগড়া প্রতিবেদন’ প্রকাশিত হয়েছে, তা ‘পুরোপুরি ভুল’।
