একজনের কোভিড শনাক্ত হওয়ায় চীনের একটি স্কুলে লকডাউন
চীনের একটি প্রাথমিক স্কুলে এক কর্মীর করোনাভাইরাস পজেটিভ হওয়ায় তাৎক্ষণিকভাবে লকডাউনের আওতায় কয়েকডজন শিক্ষার্থীকে তাদের শ্রেণিকক্ষে কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছে।
বিবিসি জানায়, এ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হন। সন্তানদের দেখার অপেক্ষায় থাকেন তারা। তাদের খবর পেতে প্রায় মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয় অভিভাবকদের।
এদিন শিক্ষার্থীদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। আর এর ফল হাতে না পাওয়া পর্যন্ত অভিভাবকদের রাতভর স্কুলেই অবস্থান করতে বলেছিল কর্তৃপক্ষ। কোভিড পরীক্ষা করা এই শিক্ষার্থীদের বয়স আনুমানিক ৭ থেকে ১২ বছরের মধ্যে।
স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় স্কুলে পৌঁছান অধ্যক্ষ। তিনি অপেক্ষমাণ অভিভাবকদের বলেন, কিছুসংখ্যক শিশুকে কোয়ারেন্টিনে রাখা হতে পারে।
এরপর কোন কোন শিশুকে স্কুলে রাতে থাকতে হবে তা জানানো হয়। অভিভাবকদের বলা হয়, তাদের জন্য স্কুলে কাপড়-চোপড় নিয়ে আসতে। করোনাভাইরাস পরীক্ষার ফলের ভিত্তিতে পরদিন শিক্ষার্থীদের বের হতে দেওয়া হবে বলেও জানান অধ্যক্ষ।
কতজন শিক্ষার্থীকে স্কুলে কাটাতে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ফালুং গং সম্পৃক্ত নিউ তাং ডাইনেস্টি টিভি বলেছে, ৩৫ শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছিল। স্কুলের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মীদেরও সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। স্কুল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
