বিদ্রোহী বাহিনীর এগোনোর পরিকল্পনায় ইথিওপিয়ায় ‘জরুরি অবস্থা’
তিগ্রাইয়ের বিদ্রোহী বাহিনীগুলো রাজধানী আদ্দিস আবাবার দিকে এগোনের পরিকল্পনার করছে জানার পর ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইথিওপিয়া।
দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ নাগরিকদের তিগ্রাই পিপলস লিবারেশণ ফ্রন্টের (টিপিএলএফ) বিরুদ্ধে নিজেদের রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানানোর দুই দিন পর মঙ্গলবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় তার সরকার, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে এদিন সকালে আদ্দিস আবাবার কর্তৃপক্ষগুলো বাসিন্দাদের তাদের অস্ত্র নিবন্ধন করতে ও আশপাশের এলাকাগুলো রক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিল।
গত কয়েকদিনে টিপিএলএফ বেশ কয়েকটি শহর দখলে নেওয়ার দাবি করেছে। এরপর বলেছে, তারা আদ্দিস আবাবার দিকে এগোনো শুরু করতে পারে।
টিপিএলএফের অগ্রবর্তী অবস্থান থেকে আদ্দিস আবাবা দক্ষিণে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে।
এর পরপরই তাৎক্ষণিকভাবে কার্যকরের ঘোষণা দিয়ে জরুরি অবস্থা জারি করে ইথিওপিয়া সরকার।
রাষ্ট্রায়ত্ত গণামধ্যমে দেওয়া এক ব্যাখ্যায় দেশটির বিচারমন্ত্রী গেদিওন টিমোথেমস বলেন, “আমাদের দেশ তার অস্তিত্ব, সার্বভৌমত্ব ও ঐক্য নিয়ে এক গভীর বিপদে পড়েছে। আর প্রচলিত আইন প্রয়োগের পদ্ধতি ও প্রক্রিয়ায় আমরা এই বিপদকে দূর করতে পারবো না।”
তিনি জানান, যে কেউ এই জরুরি অবস্থা লংঘন করবে তাকে তিন থেকে ১০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ আর্থিক, বস্তুগত বা নীতিগত সমর্থন দেওয়ার মতো অপরাধের জন্য এ দণ্ড দেওয়া হবে।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে আবি আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ইথিওপিয়া। তখনও ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ওই সময় কারফিউ জারি করে জনগণের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এবং আটক হয়েছিলেন কয়েক হাজার লোক।
আদ্দিস আবাবার শহর কর্তৃপক্ষ বলেছে, লোকজনের উচিত তাদের অস্ত্র নিবন্ধন করে তাদের এলাকায় জড়ো হওয়া। বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে এবং সমস্যা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা।
“বাসিন্দারা তাদের এলাকায় জড়ো হয়ে আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যাদের অস্ত্র আছে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে অংশ নিতে চান না তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনাদের অস্ত্র সরকারের কাছে জমা দিন অথবা আপনাদের ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের দিয়ে দিন।”
জরুরি অবস্থা ঘোষণার আগে রাজধানীর বাসিন্দারা অন্য সময়ের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছিল বলে জানিয়েছে রয়টার্স।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, “আমি আগাম কিছু খাদ্য পণ্য কেনার চেষ্টা করবো। কিন্তু এখনও পর্যন্ত আমি কিছু কিনতে পারিনাই।”
ইথিওপিয়ার ১০টি অঞ্চলের মধ্যে চারটির সরকারও জনগণকে তিগ্রাইয়ের বাহিনীগুলোর বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বলে খবর দিয়েছে রাষ্ট্রায়ত্ত ফানা টেলিভিশন।
ইথিওপিয়াকে এক সময় একটি স্থিতিশীল পশ্চিমা মিত্র দেশ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু দেশটির অস্থির উত্তরাঞ্চলে শুরু হওয়া এই সংঘাতে তিগ্রাইয়ের প্রায় চার লাখ লোক দুর্ভিক্ষ কবলিত হয়েছে, কয়েক হাজার বেসামরিক নিহত হয়েছে এবং উত্তরাঞ্চলের ২৫ লাখেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে।
২০২০ সালের ৩ নভেম্বর টিপিএলএফের অনুগত বাহিনীগুলো, যাদের মধ্যে কিছু সৈন্যও রয়েছে, তিগ্রাইয়ে সামরিক ঘাঁটিগুলো দখল করে নিলে লড়াইয়ের সূত্রপাত হয়। এর জবাবে প্রধানমন্ত্রী আবি সেখানে আরও সেনা পাঠান।
টিফিএলএফ প্রায় তিন দশক ধরে ইথিওপিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, কিন্তু কয়েক বছরের ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর ২০১৮ সালে আবি প্রধানমন্ত্রী হলে তাদের প্রভাব কমতে থাকে।
ইথিওপিয়ার রাজ্যগুলোর অর্থ ব্যয়ের মধ্য দিয়ে আবি ক্ষমতা সংহত করছেন বলে অভিযোগ তোলার পর টিপিএলএফের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ওই অভিযোগ অস্বীকার করেছেন আবি।
