বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ছাড়াল ৫০ লাখ
বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ৫০ লাখ পার হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে, মহামারীর শুরু থেকে ১৯ মাসে মৃত্যু এই মাইলফলক পার হল।
কোভিড টিকার কারণে মৃত্যুর হার কম হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
করোনাভাইরাসে কয়েকমাসের মধ্যে কোনও কোনও স্থানে এই প্রথম শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বলে সতর্র্ক করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তার মধ্যেই এল কোভিডে মৃত্যু ৫০ লাখের মাইলফলক পেরোনোর পরিসংখ্যান।
বিবিসি জানায়, বিশ্বজুড়ে প্রায় ২৫ কোটি মানুষের ভাইরাস শনাক্ত হওয়ার রেকর্ড আছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আনুমানিক হিসাবমতে, কোভিডে মৃত্যু সরকারি রেকর্ডের চেয়ে দুই/তিন গুন বেশি হতে পারে।
কোভিডে ৭৪৫,৮০০ মানুষের মৃত্যু নিয়ে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃতের সংখ্যার দিক দিয়ে এর পরই আছে ব্রাজিল; সেখানে মারা গেছে ৬০৭, ৮২৪ জন। আর তারপর ৪৫৮, ৪৩৭ মানুষের মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।
তবে স্বাস্থ্য কর্মকর্তাদের বিশ্বাস, এটি মৃত্যুর সামগ্রিক চিত্র নয়। কারণ, বাড়িতে বাড়িতে এবং পল্লী অঞ্চলে যত মানুষের মৃত্যু হয়েছে তা এই হিসাবের মধ্যে নেই।
বিশ্বে কোভিডে মৃত্যু ৪০ লাখ থেকে ৫০ লাখে পৌঁছতে সময় লেগেছে ১১০ দিনের কিছু বেশি। আর এর আগে মৃত্যু ৩০ লাখ থেকে ৪০ লাখে পৌঁছতে সময় লেগেছিল ৯০ দিনেরও কম।
টিকার কারণে মৃত্যুর হার কমে এলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও) গত সপ্তাহেই সতর্ক করে বলেছিল, “মহামারী শেষ হওয়া এখনও দূরের পথ।”
ডব্লিউএইচও’র মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়েসুস ইউরোপে করোনাভাইরাস শনাক্তের হার বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। সেখানকার দেশগুলোতে টিকা দেওয়ার হার কম হওয়ায় শনাক্ত এবং মৃত্যু দুইই বাড়তে দেখা যাচ্ছে।
রাশিয়া মহামারী শুরুর পর থেকে গত সপ্তাহে দৈনিক সর্বোচ্চ কোভিড শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে। বিশ্বব্যাপী রেকর্ড হওয়া সর্বশেষ লাখ খানেক মানুষের মৃত্যুর ১০ শতাংশই ঘটেছে রাশিয়ায়।
বিশ্বে কোভিডে মৃত্যুহারে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম দুটি রাষ্ট্র হচ্ছে বুলগেরিয়া এবং রুমানিয়া। দেশ দুটির হাসপাতালগুলো কোভিড রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এ দুটি দেশেই টিকাদানের হার সবচেয়ে কম।
বিশ্বের দেশগুলোতে ৭শ’ কোটির বেশি ডোজ টিকা বিতরণ হয়েছে। কিন্তু ধনী ও গরিব দেশগুলোর টিকা প্রাপ্তির মধ্যে ফারাক আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘আওয়ার ওয়াল্র্ড ইন ডাটা’র হিসাবমতে, নিম্ন আয়ের দেশগুলোর মাত্র ৩ দশমিক ৬ শতাংশ মানুষ টিকা নিতে পেরেছে।
ডব্লিউএইচও মহাসচিব গেব্রিয়েসুস বলেন, কোভিড টিকা সুষ্ঠুভাবে বিতরণ করা গেলে “আমরা এখুনই প্রতিটি দেশে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে পৌঁছতে পারতাম।”
