সাবমেরিন চুক্তি নিয়ে মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: ম্যাক্রোঁ
অকাস নিরাপত্তা জোটের কারণে ৩৭০০ কোটি ডলারের সাবমেরিন চুক্তি হারিয়ে ক্ষুব্ধ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দু’দিন আগেই ম্যাক্রোঁর সঙ্গে দেখা করে তাকে সান্ত্বনা দিলেও ম্যাক্রঁ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সাবমেরিন চুক্তি বাতিল নিয়ে তাকে মিথ্যে কথা বলেছেন স্কট মরিসন।
ইতালির রোমে জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন ম্যাক্রোঁ। কিন্তু এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্কট মরিসন বলেছেন, তিনি চুক্তি বাতিলের বিষয়টি আগেই জানিয়েছিলেন ফ্রান্সকে।
সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের হুমকি মোকাবেলার উদ্দেশ্য নিয়ে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা যৌথ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একটি নিরাপত্তা চুক্তির মধ্য দিয়ে ‘অকাস’ নামের ত্রিপক্ষীয় জোট গড়ার ঘোষণা দেন।
চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সরবরাহ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। আর এখানেই ক্ষুব্ধ হয় ফ্রান্স।
কারণ, অস্ট্রেলিয়া ১২টি সাবমেরিন পেতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল ২০১৬ সালে। অকাস চুক্তির পর ফ্রান্সের সঙ্গেকার সেই সাবমেরিন চুক্তিটি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এর আগে এক মন্তব্যে বলেছিলেন, “যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ফ্রান্সের পিঠে ছোরা বসানোর মত কাজ করেছে।” এরপর এ নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূতও ফিরিয়ে নিয়েছিল ফ্রান্স।
বিবিসি জানায়, সেই বিরোধের পর গত রোববার রোমেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনের। স্কট মরিসন সম্পর্কে কড়া ভাষা ব্যবহার করেছেন ম্যাক্রোঁ।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি মনে করেন স্কট মরিসন মিথ্যাচার করেছেন? জবাবে ম্যাক্রোঁ বলেন, “আমি মনে করি না, আমি জানি।”
রোমে জি-২০ সম্মেলনের এক ফাঁকে অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ম্যাক্রোঁর কাছে জানতে চান, তিনি কি স্কট মরিসনের ওপর আবারও আস্থা রাখতে পারবেন? জবাবে ম্যাক্রোঁ বলেন, “আমরা দেখব তিনি কি করেন।”
“অস্ট্রেলিয়ার প্রতি আমার অশেষ শ্রদ্ধা। অস্ট্রেলিয়ার জনগণকে আমি শ্রদ্ধা করি এবং তাদের সঙ্গে বন্ধুত্বও আছে। আমি শুধু বলতে চাই, আমরা যখন আপনাকে সম্মান করি, তখন আপনাকে সত্য বলতে হবে। আপনাকে ঠিক লাইনে মূল্যবোধ ঠিক রেখে কথা বলতে হবে।”
ম্যাক্রোঁর এই বক্তব্যের পর সাংবাদিকদের কাছে স্কট মরিসন বলেন, তিনি ফরাসি প্রেসিডেন্টের কাছে মিথ্যা বলেননি। তিনি আগেভাগেই তাকে বিষয়টি ব্যাখ্যা করে বলেছিলেন, প্রচলিত সাবমেরিন আর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা প্রয়োজন মেটাতে পারছে না।
মরিসন জানান, এরই মধ্যে ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়ার আস্থা ও সম্পর্ক পুনর্গঠনের কাজ শুরু হয়ে গেছে।
