সুদানজুড়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, নিহত ২
সুদানজুড়ে সামরিক অভ্যুত্থান বিরোধী প্রতিবাদে সামিল হয়ে লাখ লাখ মানুষ বেসামরিক নেতৃত্বাধীন সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
শনিবারের এ বিক্ষোভ চলাকালে সামরিক বাহিনীর গুলিতে দুই জন নিহত হয়েছেন বলে দেশটির চিকিৎসকদের একটি কমিটি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, রাজধানী খার্তুমে বিপুল সংখ্যক জনতা একটি মঞ্চ স্থাপন করে সেখানে অবস্থান ধর্মঘটের সম্ভাবনা নিয়ে আলোচনার সময় তাদের ছত্রভঙ্গ করার চেষ্টায় নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস ছোড়ে ও গুলিবর্ষণ করে।
সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, খার্তুমের যমজ শহর ওমদুরমানে বিক্ষোভ চলাকালে সেনাদের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হন। এ সময় আরও ৩৮ জন আহত হন, তাদের কয়েকজন গুলিতে আহত হয়েছেন।
ওমদুরমানের একজন প্রত্যক্ষদর্শী জানান, তারা গুলির শব্দ শোনেন তারপর পার্লামেন্ট ভবনের দিক থেকে আসা রক্তাক্ত লোকজনকে বহন করে নিয়ে যেতে দেখেন।
দেশটির অন্যতম বৃহত্তম এ বিক্ষোভ থেকে মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিকভাবে সুদানের সামরিক বাহিনীর একজন প্রতিনিধির মন্তব্য নেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বিফল হয় রয়টার্স।
বিক্ষোভকারীরা সুদানের পতাকা নিয়ে খার্তুমের বিভিন্ন এলাকা দিয়ে মিছিল করে ‘সামরিক শাসনের প্রশংসা করা যায় না’, ‘এই দেশ আমাদের, আমাদের সরকার বেসামরিক’ বলে শ্লোগান দেয়।
দেশটির মধ্যাঞ্চলীয়, পূর্বাঞ্চলীয়, উত্তরাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতেও লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করে। খার্তুমে কয়েক লাখ লোক বিক্ষোভ করেছে বলে রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন।
বিক্ষোভকারী হাইথাম মোহাম্মদ বলেন, “লোকজন তাদের বার্তা দিয়েছে, তা হল পিছু হটা অসম্ভব এবং ক্ষমতা জনগণের।”
গত সোমবার প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের মন্ত্রীসভাকে ক্ষমতাচ্যুত করে সুদানের নিয়ন্ত্রণ নেন সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তারপর থেকে এদিনের বিক্ষোভ তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিল।
পশ্চিমা রাষ্ট্রগুলো সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের নিন্দা করে সুদানকে দেওয়ার কথা থাকা লাখ লাখ ডলার ত্রাণ সহায়তা স্থগিত করেছে।
দেশটির বেসামরিকভাবে নিয়োগ পাওয়া মন্ত্রীসভার সদস্যরা একটি বিবৃতি দিয়ে বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে।
“সামরিক বাহিনী মুক্ত সুদানি বা সত্যিকার গণতান্ত্রিক বিপ্লবী শক্তিগুলোকে ক্ষমতায় তাদের অংশীদার হিসেবে পাবে না,” বিবৃতিতে বলেছেন তারা।
খার্তুমের কেন্দ্রস্থলে শনিবার সামরিক বাহিনী বহু সশস্ত্র সেনা ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সদস্যদের মোতায়েন করে।
নিরাপত্তা বাহিনীগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্স ও বিমানবন্দরমুখি সড়কগুলোতে অবস্থান নিয়ে সেগুলো বন্ধ করে দেয়।
প্রায় এক সপ্তাহে দেশটিতে নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
শনিবার রাতে খার্তুমের একটি আবাসিক এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রবেশ ঠেকানোর চেষ্টায় বিক্ষোভকারীরা পাথর, ইট, গাছের ডাল ও প্লাস্টিকে পাইপ ফেলে রাস্তা বন্ধ করে দেয়।
