আইএসের বিরুদ্ধে তালেবানের ‘গোপন যুদ্ধ’
পূর্বাঞ্চলীয় আফগান শহর জালালাবাদের উপকণ্ঠে কয়েকদিন পরপরই ফেলা হয় মৃতদেহ। এদের কাউকে গুলি করে, কাউকে ফাঁসি দিয়ে কিংবা কাউকে শিরশ্ছেদ করে মারা হয়েছে। তাদের অনেকেরই পকেটে আছে হাতে লেখা নোট; যাতে লেখা, তারা ইসলামিক স্টেট (আইএস) এর আফগান শাখার সদস্য।
এমন নৃশংস, নির্বিচার হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না কেউ। তবে এসব হত্যাকাণ্ড তালেবানই ঘটাচ্ছে বলে ধারণা অনেকের। তালেবানের ঘোর বিরোধী জঙ্গি গোষ্ঠী হচ্ছে আইএস।
গত অগাস্টেই কাবুল বিমানবন্দরের বাইরে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়। আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান সেই তখন থেকে এখন পর্যন্ত প্রায় নিত্যদিনই আইএস এর আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) এর বোমা হামলার শিকার হচ্ছে।
তাই আইএস এর দৌরাত্ম কমাতে এখন তালেবান এই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে এক প্রচ্ছন্ন রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধের সম্মুখসারিতে আছে জালালাবাদ।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, গত অগাস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে আগের তুলনায় কিছুটা শান্তি ফিরেছে। কিন্তু জালালাবাদে তালেবান বাহিনী ক্রমাগত হামলার শিকার হচ্ছে।
তালেবান আগে যে কৌশলে আত্মঘাতী হামলা চালাত, এখন আইএসও সেই একই কৌশলে হামলা চালাচ্ছে। তলেবান যথেষ্ট কট্টরপন্থি না হওয়ায় আইএস তাদেরকে বলছে ‘স্বধর্র্মভ্রষ্ট’। অন্যদিকে, আইএস’কে ‘ধর্মদ্রোহী চরমপন্থি’র তকমা দিয়েছে তালেবান।
তালেবানের গোয়েন্দা শাখার প্রধান ড. বশিরের বাড়ি নানগহর প্রদেশের জালালাবাদে। তিনি দুর্ধর্ষ বলে কুখ্যাতি আছে। কাছের কুনার প্রদেশের ছোট্ট একটি ঘাঁটি থেকে আইএস’কে তাড়াতে সহায়তা করেছিলেন তিনি।
জালালাবাদের রাস্তার পাশে মৃতদেহ ফেলে রাখার সঙ্গে তালেবানের যোগসূত্র থাকার কথা অবশ্য বশির অস্বীকার করেছেন। তবে তার কর্মীদের হাতে বেশ কিছু আইএস সদস্য আটক হওয়ার কথা তিনি বেশ গর্বের সঙ্গেই বলেছেন।
আফগানিস্তানের গনি সরকারের সময় বহু আইএস সদস্য কারাগারে বন্দি ছিল। কিন্তু তালেবানের ক্ষমতা দখলের পর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তারা জেল থেকে পালিয়ে যায়।
জনসম্মুখে বশির এবং বাদবাকী তালেবান নেতারা আইএস এর হুমকিকে বরাবরই খাটো করে দেখিয়ে আসছেন। তারা বলছেন, “আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়ে গেছে। তারা আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।”
তবে বশির আরেকটু আগ বাড়িয়ে দাবি করেছেন, আফগানিস্তানে আইএস এর উপস্থিতিই নেই। যদিও আইএস এর সদর্প উপস্থিতির সব আলামতই আফগানিস্তানে দেখা যাচ্ছে।
বশিরের কথায়, ‘দায়েশ’ (আইএস- এর স্থানীয় নাম) নামটি সিরিয়া ও ইরাকে শোনা যায়। আফগানিস্তানে দায়েশ নামে কোনও দুর্বৃত্ত গোষ্ঠী নেই। তবে একদল দেশদ্রোহী আছে, যারা ইসলামিক আফগান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
কিন্তু বাস্তবতা হচ্ছে, আফগানিস্তানে যে কেবল আইএস এর উপস্থিতি আছে তাই নয়, বরং এটি গোটা দেশজুড়েই মধ্য এশিয়া অঞ্চলের আদি নামে ‘আইএস-খোরাসান’ শাখা প্রতিষ্ঠা করেছে। গোষ্ঠীটি ২০১৫ সালে প্রথম আফগানিস্তানে তাদের উপস্থিতি পাকাপোক্ত করে এবং পরের বছরগুলোতে ভয়াবহ সব হামলা চালিয়েছে।
তবে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর আইএস দেশের এমনসব জায়গায় আত্মঘাতী বোমা হামলা শুরু করেছে যেখানে আগে হামলা হতে দেখা যায়নি। এ মাসের শুরুর দিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এবং তালেবান ঘাঁটি কান্দাহারের শিয়া মসজিদে পরপর দুই শুক্রবারের জুমার নামাজের সময় হামলা চালায় আইএস।
এরপরও তালেবান গোয়েন্দা শাখা প্রধান বশিরের ভাষ্য, “উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আমরা বিশ্বকে বলছি, চিন্তিত হওয়ার কিছু নেই। যদি ছোটখাট কোনও দেশদ্রোহী গোষ্ঠী থেকে থাকে এবং এরকম হামলা চালায়, তাহলে ইনশাল্লাহ, যেভাবে আমরা রণক্ষেত্রে ৫২ টি দেশের কোয়ালিশনকে পরাজিত করেছি, তেমনি তাদেরকেও পরাজিত করব।”
আফগানিস্তানে দুই দশকের যুদ্ধে লড়ার অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গেরিলা যুদ্ধ আমরা খুব সহজেই প্রতিহত করতে পারব।” কিন্তু আইএস নিয়ে আফগানরা তো বটেই, মার্কিন কর্মকর্তারাও উদ্বিগ্ন। আইএস মাত্র ছয় মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে এবং তাদের তা করার ইচ্ছাও আছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের।
এ মুহূর্তে আফগানিস্তানে কোনও ভূখণ্ড আইএস এর দখলে নেই। নানগহর এবং কুনারে তারা আগে ঘাঁটি গেড়েছিল। তালেবান হামলা এবং এর আগে আফগান সেনাবাহিনীর কয়েকটি অভিযানেও তারা সেখান থেকে উৎখাত হয়েছে। তালেবানের ৭০ হাজার সদস্যের বাহিনীর তুলনায় আইএস এর আছে মাত্র গুটিকয়েক যোদ্ধা।
কিন্তু আইএস মধ্য এশিয়া এবং পাকিস্তান থেকে যোদ্ধা দলে ভেড়াতে পারে, যেসব বিদেশি যোদ্ধা আফগানিস্তানেই আছে বলে ধারণা করা হয়। তাছাড়া, ভবিষ্যতে তালেবানের মধ্যে ভাঙন ধরে প্রতিপক্ষ ছোট ছোট দল গড়ে উঠলে সেখান থেকেও সদস্যরা আইএস এ গিয়ে ভিড়তে পারে- ভয়টা সেখানেই।
