২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সাবেক প্রেসিডেন্ট বনি সদর প্যারিসে মারা গেছেন

ইসলামিক বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনি সদর ফ্রান্সে নির্বাসিত অবস্থায় মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2021, 05:05 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

দীর্ঘ দিন অসুস্থ থাকার পর শনিবার প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়, এ সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর; বনি সদরের দাপ্তরিক ওয়েবসাইটে জানিয়েছেন তার স্ত্রী ও সন্তানরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর ১৯৮০ সালের জানুয়ারিতে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশটির ইসলামি বিপ্লবীদের সহায়তায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে সদরের তেমন কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না।

কিন্তু দ্রুতই কট্টরপন্থি আলেমদের সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে তিনি ফ্রান্সে পালিয়ে যান। বাকি জীবন তার সেখানেই কাটে।

নির্বাসিত অবস্থায় বনি সদর প্যারিসের নিকটবর্তী ভার্সাইয়ে বসবাস করেছেন। তার পরিবার তাকে এখানেই দাফন করতে চায় বলে সদরের দীর্ঘ দিনের সহকারী পাকনেজাদ জামালউদ্দিন টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন।