আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ৫০
আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
শুক্রবার জুমার নামাজের সময় হওয়া এই হামলায় শতাধিক আহতও হয়েছে।
আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভিডিও ফুটেজে মসজিদের ভেতরে ধ্বংসস্তুপে লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুই স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মৃতের সংখ্যা ৭০ থেকে ৮০’র মধ্যে হতে পারে।
তালেবানের ঘোর বিরোধী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। মসজিদে নামাজ চলার সময় মুসল্লিদের ভিড়ে আইএস এর এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায় বলে জানানো হয়েছে খবরে।
গত কয়েক সপ্তাহে রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে হামলাসহ কয়েকটি বোমা হামলার ঘটনার পর নতুন করে এই রক্তক্ষয়ী হামলা হল। আগের কয়েকটি বোমা হামলার দায়ও আইএস স্বীকার করেছিল।
আফগানিস্তানে একের পর এক এমন বোমা হামলা দেশটির নতুন তালেবান শাসকদের সামনে নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জকেই সামনে নিয়ে আসছে।
কট্টর ইসলামপন্থি গোষ্ঠী তালেবান অগাস্টে আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করেছে। তারপর থেকে আইএস দমনে তাদের আস্তানায় অভিযানও চালিয়ে আসছে তালেবান।
শুক্রবারের হামলা সম্পর্কে টুইটারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, “আজ বিকালে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে… এতে অনেকেই মারা গেছেন এবং আহত হয়েছেন।”
তথ্য মন্ত্রণালয় পরিচালিত বখতার বার্তা সংস্থা জানিয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৬ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছে।
বিবিসি হামলার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, হামলার সময় মসজিদে জুমার নামাজ পড়তে সমবেত হয়েছিল ৩শ’র বেশি মানুষ।
হামলার ধরন দেখে তা আইএস এর আফগান শাখা আইএস-খোরাসানের (আইএস-কে) কাজ বলে আগেই আঁচ করা হচ্ছিল। অগাস্টে কাবুলের বিমানবন্দরে বড় ধরনের আত্মঘাতী হামলা চালিয়েছিল এ গোষ্ঠীটিই।
আইএস-কে গোষ্ঠীর সুন্নি যোদ্ধারা অতীতে বারবারই শিয়া সংখ্যালঘুদের নিশানা করে হামলা চালিয়েছে। আত্মঘাতী হামলা চালিয়েছে মসজিদে, স্পোর্টস ক্লাবে ও স্কুলেও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা তালেবানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে।
কাবুলে তালেবান নেতাদের একটি শেষকৃত্যানুষ্ঠানে আইএস হামলা চালিয়েছে কিছুদিন আগেই। পূর্বাঞ্চলীয় নানগার ও কুনার প্রদেশেও বেশকিছু ছোটখাট হামলা হয়েছে। এই প্রদেশগুলো আগে আইএস এর ঘাঁটি ছিল।
শুক্রবার কুন্দুজের মসজিদে হামলা দেশের উত্তরে আইএস এর তৎপরতা বাড়ারই আলামত দিচ্ছে। তালেবান বলছে, তারা কয়েকডজন আইএস সদস্যকে গ্রেপ্তার করেছে এবং সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোর সন্দেহভাজন অন্যান্য সদস্যদের হত্যাও করেছে।
