জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প
জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের এলাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের দিকে এই কম্পন অনুভূত হয়।
এতে ট্রেন লাইনে বন্ধ হওয়া এবং মাঝে মধ্যেই বিদ্যুৎ চলে গেলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিবা প্রশাসনিক এলাকা। এই অঞ্চলটি টোকিওর পূর্বে অবস্থিত। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে ভূমিকম্প হয়।
তবে কোনও সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছে এনএইচকে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তদারক করতে সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
এই টাস্কফোর্সের কাজ হবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা, দুর্যোগের শিকার হওয়া মানুষদের উদ্ধার করা এবং দ্রুতই সব খবরাখবর মানুষকে জানানো।
এনএইচকে ভূমিকম্পে চিবায় চারজন আহত খবর জানিয়েছে এবং কাছাকাছি সায়তামা প্রিফেকচারে দুইতলা একটি ভবনে আগুন ধরে যেতেও দেখা গেছে ছবিতে।
টিবিএস নিউজের টোকিওয় পানির পাইপ ফেটে যাওয়ার খবর জানিয়েছে এবং টোকিও ইলেকট্রিক পাওয়ার করপোরেশন নগরীর ২৫০ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার কথা জানিয়েছে।
