২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ৭ দশকে যাজকদের যৌন নির্যাতনের শিকার ২ লাখের বেশি শিশু

ফ্রান্সে ১৯৫০ সাল থেকে পরবর্তী সাত দশকে দুই লাখের বেশি শিশু যাজকদের যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে এ সংক্রান্ত এক তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2021, 06:31 PM

Updated : 07 Apr 2022, 11:43 PM

মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কমিশন অভিযোগ করে বলেছে, ক্যাথলিক চার্চ দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের বিষয়ে চোখ বুজে ছিল।

যাজকদের নির্যাতনের শিকার হওয়া শিশুদের মধ্যে বেশিরভাগই ছেলে, অনেকের বয়স ছিল ১০ থেকে ১৩-র মধ্যে, বলেছেন কমিশনের প্রধান জঁ-মার্ক সোভ।

চার্চ এ ধরনের নির্যাতন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ তো নেয়ইনি, উল্টো কখনো কখনো জেনেবুঝেই শিশুদেরকে ওই নির্যাতকদের সংস্পর্শে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, বলেছেন তিনি।

জনসমক্ষে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর রিমসের আর্চবিশপ ও ফ্রান্সের যাজক পরিষদের প্রধান এরিক দে মুলা-বুফো লজ্জিত হওয়ার কথা জানিয়েছেন, ক্ষমা চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যৌন নির্যাতনের ঘটনাগুলোর ওপর আলো ফেলতে এবং ক্যাথলিক চার্চের প্রতি জনগণের আস্থা ফেরাতে ২০১৮ সালের শেষদিকে ফ্রান্সের ক্যাথলিক বিশপ এই তদন্ত কমিশন গঠন করেন। কমিশন স্বতন্ত্রভাবে কাজ করেছে।

প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে সোভ বলেছেন, গির্জাগুলোতে এ ধরনের সমস্যা এখনও বিদ্যমান। ২০০০ সালের আগ পর্যন্ত ক্যাথলিক চার্চ যৌন নির্যাতনের ঘটনাগুলো নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে পুরোপুরি ভিন্নমত পোষণ করতো। এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া শুরু হয় ২০১৫-১৬ সালে এসে।

সোভ ক্যাথলিক চার্চের সংস্কারও চেয়েছেন। বলেছেন, গির্জায় এমনভাবে যৌনতা, আনুগত্য ও যাজকদের পবিত্রতা সংক্রান্ত বিষয়গুলো পড়ানো হয়, তা-ই যাজকদেরকে এমন নির্যাতনের সুযোগ করে দেয়।

সমাজের আস্থা অর্জনে ক্যাথলিক চার্চকে এসব বিষয়ে তার দৃষ্টিভঙ্গির ব্যাপক সংস্কার করতে হবে, বলেছেন সোভ।  

তিনি জানান, তদন্ত কমিশন নিজেরাই সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে ফ্রান্সের যাজকদের যৌন নির্যাতনের শিকার দুই হাজার ৭০০ জনকে শনাক্ত করতে পেরেছে, আর্কাইভ থেকে পাওয়া গেছে আরও হাজার হাজার নাম।

গবেষণা ও জরিপ গোষ্ঠীগুলোর বিস্তৃত অনুসন্ধান শেষে নির্যাতনের শিকার শিশুর সংখ্যা ২ লাখ ১৬ হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে। গির্জার সদস্যদের যৌন নির্যাতন ধরলে এই সংখ্যা ৩ লাখ ৩০ হাজারে পৌঁছে যেতে পারে বলেও ধারণা তাদের।

গত ৭০ বছরে ফ্রান্সের গির্জাগুলোতে সন্দেহভাজন দুই হাজার ৯০০ থেকে তিন হাজার ২০০-র মতো শিশু নিপীড়ক তৎপর ছিল, বলেছেন সোভ।

তদন্ত প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে সোভের আগে বক্তব্য দেওয়া ফ্রাঙ্কো দেবো ক্যাথলিক চার্চের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজের কলঙ্ক।”

দেবো যাজকদের হাতে নির্যাতনের শিকারদের নিয়ে লা পেরোলো লিবেরে নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন।

“এই নরকে ঘৃণ্য সব অপরাধ হয়েছে। তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে আস্থা নিয়ে বিশ্বাসঘাতকতা, নৈতিকতা নিয়ে বিশ্বাসঘাতকতা, শিশুদের নিয়ে বিশ্বাসঘাতকতা,” বলেছেন তিনি।