২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কৃষক বিক্ষোভে নিহত ৮, আরও জোর বিক্ষোভের অঙ্গীকার

ভারতে নতুন তিন কৃষি সংস্কার আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ সংঘর্ষে ৪ কৃষকসহ ৮ জন নিহত হওয়ার জেরে বিক্ষোভ আরও জোরদারের অঙ্গীকার করেছেন কৃষকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2021, 08:37 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

উত্তর প্রদেশে সোমবার বিক্ষোভ চলার সময় ক্ষমতাসীন দলের এক ঊধ্র্বতন কর্মকর্তার গাড়ি প্রতিবাদকারীদের মধ্যে ঢুকে গেলে সংঘর্ষে ৪ কৃষক নিহত হয় বলে জানিয়েছেন বিক্ষোভকারী কৃষক নেতারা।

পুলিশ জানায়, বিক্ষোভে গাড়ি চালিয়ে দেওয়া এবং সংঘর্ষের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে রাজ্যমন্ত্রীর এক ছেলেসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

বিক্ষোভকারী গ্রুপগুলোর জোট সোমবার আদালতের অধীনে সহিংসতার তদন্তের জন্য প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দর কাছে একটি পিটিশন দাখিলের ডাক দিয়েছে।

ভারতীয় কিষাণ ইউনিয়নের এক ঊর্ধ্বতন নেতা ধর্মেন্দ্র মালিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আমরা নিরীহ কৃষকদের দুর্দশা তুলে ধরতে উত্তর প্রদেশ এবং দেশের অন্যান্য অংশে বিক্ষোভ আরও জোরদার করব।”

তিনি বলেন, “সরকার হয়ত ১০ মাসের এই কৃষক বিক্ষোভের নিন্দা-সমালোচনা করবে। কিন্তু আমরা আমাদের সংগ্রাম শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাব।”

নতুন তিন কৃষি সংস্কার আইন নিয়ে ভারতের হাজার হাজার কৃষক সোমবার টানা তৃতীয় দিনের মত বিক্ষোভ করেছেন। রোববার কৃষকরা দিল্লিতে ঢোকা-বেরোনের পাঁচটি প্রধান সড়ক অবরুদ্ধ করে রাজধানী ঘেরাওয়ের হুমকি দেন।

বিক্ষোভরত কৃষকদের অভিযোগ, কৃষি সংস্কারের নামে নতুন যে তিনটি আইন করা হয়েছে তা ‘কৃষকদের স্বার্থের পরিপন্থি’। যার বিরুদ্ধে নানা সময়ে কৃষক বিক্ষোভ হয়েছে।

গতবছর বিরোধী দলের চরম আপত্তির পরও কৃষিসংস্কার নিয়ে তিনটি বিল ভারতের পার্লামেন্টে পাস হওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিল তিনটি সই করলে সেগুলো আইনে পরিণত হয়।

ওই তিনটি আইনের একটির অধীনে সরকার ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনা বন্ধ করে দিতে পারবে। যার ফলে পাইকারি বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দেবে বলে আশঙ্কা কৃষকদের।

তাদের ভয়, ওই আইনের ফলে ফসলের দাম নির্ধারণের ক্ষমতা বড় বড় ব্যবসায়ী ও কোম্পানির হাতে চলে যাবে, কৃষকদের হাতে কোনো ক্ষমতাই থাকবে না। তাই তারা ওই আইনগুলো বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে।