জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনায় উত্তর কোরিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদস্য দেগুলোর মধ্যকার সামরিক কর্মকাণ্ড নিয়ে দ্বিমুখী নীতি পরিচালনা করছে বলে সমালোচনা করেছে উত্তর কোরিয়া।
সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মধ্যে জাতিসংঘের এই সমালোচনা করল দেশটি। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর গত শুক্রবার বিষয়টি নিয়ে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর অনুরোধে রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
ওইদিনও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বিমানবিধ্বংসী নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর খবর জানায়। কেসিএনএ’র খবরে বলা হয়, বৃহস্পতিবার বিমান-বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা যাচাই করা হয়েছে।
এর আগের কয়েক দিনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তেজনা এবং আলোচনার জন্ম দিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে উচ্চগতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণের দাবি করে দেশটি। আর গত মাসের শুরুর দিকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার দাবি জানিয়েছিল উত্তর কোরিয়া।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার জন্য উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা থাকার পরও দেশটি সম্প্রতি এইসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। আর এর প্রেক্ষিতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হয় শুক্রবারের বৈঠক।
এরপরই নিরাপত্তা পরিষদের সমালোচনা করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংগঠন বিভাগের পরিচালক জো চোল সু বলেন, নিরাপত্তা পরিষদের এমন বৈঠক উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সীমালঙ্ঘন। এ এক গুরুতর উস্কানিও বটে।
নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অনুসরণের অভেোগ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যখন মিত্রদেশগুলোর সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায় তখন নিরাপত্তা পরিষদ চুপ থাকে। অথচ, উত্তর কোরিয়া যখন নিজেদের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় তখন তা নিয়ে বৈঠকে বসে যায়।
“এটি হচ্ছে, জাতিসংঘের কার্যক্রমে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা না থাকা, ভারসাম্যহীনতার পরিচায়ক এবং স্পষ্টতই দ্বিমুখী নীতির প্রমাণ।”
জো চোল সু-এর এই বিবৃতি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদ যদি এভাবে দ্বিমুখী নীতি অনুসরণ করে উত্তর কোরিয়ার স্বার্বভৌমত্ব লঙ্ঘন করতে থাকে এবং যুক্তরাষ্ট্রের ধাঁচের চিন্তা-ভাবনা নিয়ে চলতে থাকে তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
উত্তর কোরিয়া সম্প্রতি তাদের প্রতি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার দ্বিমুখী ও বৈরি নীতি পরিচালানার অভিযোগ করে বলেছে, এই পরিস্থিতির মুখে তারা (উত্তর কোরিয়া) অন্যান্য দেশের মতোই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে অস্ত্র পরীক্ষা করে যাচ্ছে।
