রাজনীতি থেকে অবসরের ঘোষণা ফিলিপিন্সের প্রেসিডেন্টের
ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন।
কন্যা সারা দুতের্তে-কার্পিওর জন্য রাজনৈতিক পথ পরিষ্কার করতেই সবাইকে বিস্মিত করে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কার্পিও ফের দাভাওয়ের মেয়র নির্বাচনের জন্য মনোয়ন পত্র জমা দেওয়া সত্ত্বেও এমন জল্পনা ডালপালা মেলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার দুতার্তে বলেন, “আজ আমি রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি।”
এ সময় তার সঙ্গে অনুগত সেনেটর ক্রিস্টোফার ‘বং’ গো ছিলেন। ক্ষমতাসীন পিডিপি-লাবান পার্টির এই সেনেটর আগামী বছরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ফিলিপিন্সের সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট শুধু ছয় বছরের এক মেয়াদের জন্যই ক্ষমতায় থাকতে পারবেন।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে গত মাসে জানিয়েছিলেন দুতার্তে (৭৬) । কিন্তু এটি সংবিধানের চেতনা লংঘন করে মর্মে অধিকাংশ ফিলিপিনো এর বিরোধিতা করেন।
“যারা অনেক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনে আমাকে সমর্থন দিয়েছিলেন, তাদের ইচ্ছার প্রতি আনুগত্য দেখিয়ে আমার সেই দেশবাসীকে বলছি, আমি আপনাদের মনোভাবকেই অনুসরণ করবো,” বলেন দুতার্তে। এ সময় নিজের দীর্ঘদিনের সহযোগী ‘বং’ গোকে সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১৬ সাল থেকে মাদকের বিরুদ্ধে দুতার্তের লড়াইয়ে রাষ্ট্র কর্তৃক হাজার হাজার মানুষ হত্যার কারণে দেশে অথবা আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে সম্ভাব্য আইনি পদক্ষেপ থেকে রক্ষা পেতে একজন অনুগত উত্তরসূরি পাওয়া তার জন্য গুরুত্বপূর্ণ।
স্বাধীন মনের মানুষ দুতার্তে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করে চীনকে কাছে টেনে নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। বিরোধীরা তাকে কর্তৃত্ববাদী ও ভিন্নমতের প্রতি অসহিষ্ণু বলে অভিযুক্ত করলেও দুতার্তে এখনও জনপ্রিয়।
আসছে মে-তে ছয় কোটিরও বেশি ফিলিপিনো নতুন একজন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ১৮ হাজারেরও বেশি আইনপ্রণেতা ও স্থানীয় সরকার কর্মকর্তাদের নির্বাচিত করতে ভোট দেবে।
আগামী বছরের এই নির্বাচনে নিজের কন্যা দুতার্তে-কার্পিওকে দাঁড় করিয়ে দিয়ে দুতার্তে রাজনৈতিক চমক দিতে পারেন বলে দীর্ঘ দিন ধরে অনুমান করে আসছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তার বাবা রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর দাভাওয়ের মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দেন কার্পিও। কিন্তু এখনও তার নজর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দিকে, এ ধরনের জল্পনায় জল ঢেলে দেওয়ার মতো কোনো কিছু করেননি তিনি।
জনমত জরিপে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে শীর্ষে আছেন কার্পিও। গত মাসে তিনি জানিয়েছিলেন, বাবার সঙ্গে তার সমঝোতা হয়েছে যে ২০২২ সালে জাতীয় দপ্তরের প্রার্থী হিসেবে তাদের মধ্যে যে কোনো একজন দাঁড়াবেন, তাই আগামী বছরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন না তিনি।
কিন্তু এখন দুতার্তে প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে যোগ দেবেন না বলে ঘোষণা দেওয়ায় কার্পিওর পথ পরিষ্কার হয়ে গেল।
এ বিষয়ে আন্তেনিও ডে ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন ও রাজনীতির অধ্যাপক আন্তোনিও লা ভিনা বলেন, “এতে সারা দুতার্তে নির্বাচনে দাঁড়ানোর পথ খুলে গেল। বাবার পরিকল্পনা অনুযায়ী সে চলে অথবা এটি সবাইকে বিভ্রান্ত করার একটি নাটক।”
প্রার্থীরা শুক্রবার পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন, কিন্তু ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও প্রার্থী পরিবর্তনের সুযোগ থাকবে। এতে শেষ মুহূর্তে মন পরিবর্তনের সুযোগ থাকছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও দুতার্তে প্রায় শেষ সময়ে প্রার্থী হয়ে বাজিমাত করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষক এল পারেইনোর ধারণা, দুতার্তে ওই একই কৌশল ব্যাবহার করছেন এবং সারা কার্পিও শেষ মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে শামিল হবেন।
এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তাতে সাড়া দেননি কার্পিও, জানিয়েছে রয়টার্স।
