নভেম্বরে সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া আগামী মাস থেকে তাদের আন্তর্জাতিক সীমান্ত খুলে দিয়ে দেশটিতে প্রবেশ এবং নাগরিকদের বিদেশে যাওয়ার অনুমতি দিতে যাচ্ছে।
এর ফলে ১৮ মাস পর দেশটিতে টিকা নেওয়া ভ্রমণকারীদের যাওয়ার পথ তৈরি হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
দেশটিতে এখন কেবল অস্ট্রেলীয় এবং বিশেষ ক্ষেত্রে ছাড় পাওয়া ব্যক্তিরাই প্রবেশ করতে পারছেন। দেশটির নাগরিকদের বিদেশে যাওয়ায়ও নিষেধাজ্ঞা রয়েছে।
সীমান্ত বন্ধসহ নানান কঠোর পদক্ষেপের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অস্ট্রেলিয়ার চেষ্টা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হলেও অনেক পরিবারের সদস্যরা একে অপরের কাছ থেকে দীর্ঘসময় বিচ্ছিন্ন থাকায়, অনেকে এর সমালোচনাও করেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, যেসব রাজ্যে টিকা পাওয়ার উপযুক্তদের ৮০ শতাংশের বেশি টিকা নিয়েছেন, সেখানে সবাই স্বাধীনভাবে চলাচল করতে পারবেন।
“সময় হয়েছে অস্ট্রেলিয়ানদেরকে তাদের জীবন ফিরিয়ে দেওয়ার,” শুক্রবার সাংবাদিকদের এমনটাই বলেছেন তিনি।
অস্ট্রেলিয়ায় এখন নামামাত্রই ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়, যার খরচ পড়ে ৩ হাজার অস্ট্রেলীয় ডলার।
নভেম্বর থেকে এ বিধিনিষেধ শিথিল হচ্ছে। নতুন নিয়মে টিকা নেওয়া ভ্রমণকারীদের অস্ট্রেলিয়া ঢোকার পর থাকতে হবে ৭ দিনের ‘হোম কোয়ারেন্টিনে’।
সীমান্ত খোলার ঘোষণা এলেও বড় এয়ারলাইন্সগুলো সতর্ক করে বলেছে, নভেম্বরের মধ্যে সব সেবা চালু করা তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।
অস্ট্রেলিয়ায় থাকা লোকজন এখন জরুরি কাজ ও মৃত্যুপথযাত্রী আত্মীয়কে দেখার মতো ব্যতিক্রমী কারণ ছাড়া দেশটি থেকে বের হতে পারছে না।
ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশটির গুরুত্বপূর্ণ তিনটি শহর সিডনি, মেলবোর্ন ও ক্যানবেরা এখনও লকডাউনে। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে এ শহরগুলোতে টিকা নিতে আগ্রহী ব্যক্তির সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।
সিডনির ১৩ সপ্তাহের লকডাউন আগামী ১১ অক্টোবর উঠে যাওয়ার কথা।
শহরটি যে রাজ্যের অন্তর্গত, সেই নিউ সাউথ ওয়েলসই অস্ট্রেলিয়ার মধ্যে সবার আগে ৮০ শতাংশ টিকাদানের লক্ষ্য অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা পেরোনোর পথেই রয়েছে তারা।
ভিক্টোরিয়াও খুব একটা পিছিয়ে নেই; মেলবোর্ন এ রাজ্যের রাজধানী।
