আসিয়ানের অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি মিয়ানমার জান্তা
অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) এর অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার।
মিয়ানমারে মানবিক ত্রাণ বিতরণ নিশ্চিত করতে এ বছরের শেষ নাগাদ অস্ত্রবিরতির ডাক দেওয়া হয়েছিল আসিয়ানের পক্ষ থেকে।
আসিয়ানের এক মুখপাত্রের বরাত দিয়ে জাপানের কিয়োদো সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সেখানে সহিংসতা বন্ধের চেষ্টা করে আসছে আসিয়ান। জান্তা সরকার ক্ষমতায় আসার পর মিয়ানমারে সহিংসতায় শত শত মানুষ মারা গেছে।
আসিয়ান দেশটিতে সামরিক শাসক ও এর বিরোধীদের মধ্যে আলোচনা শুরুরও চেষ্টা করে আসছে। আসিয়ানের মুখপাত্র এরিওয়ান ইউসুফ মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অস্ত্রবিরতির প্রস্তাব দেন।
তার প্রস্তাবে মিয়ানমারের সামরিক সরকার রাজি হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইউসুফ।
রোববারের এক প্রতিবেদনে বলা হয়, ইউসুফ বলেছেন, “এটি রাজনৈতিক অস্ত্রবিরতি নয়। মানবিক ত্রানকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ অস্ত্রবিরতি। যাতে তারা নির্বিঘ্নে ত্রান বিতরণ করতে পারে।”
তিনি আরও বলেন, “অস্ত্রবিরতি নিয়ে আমি যা বলেছি, তাতে তারা আপত্তি করেনি।” ইউসুফ পরোক্ষভাবে তার অস্ত্রবিরতির প্রস্তাব মিয়ানমারের সামরিক শাসনবিরোধীদের কাছেও পাঠিয়েছিলেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
তবে এ ব্যাপারে মিয়ানমারের সামরিক মুখপাত্রের মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে কোনও সাড়া মেলেনি।
শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসুফ জানান, অক্টোবর শেষের আগেই তিনি মিয়ানমার সফরের যে আশা করছেন, তার নানা শর্ত নিয়ে এখনও সেনাবাহিনীর সঙ্গে তার আলোচনা চালছে এবং তিনি ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাতের সুযোগও চেয়েছেন।
ইউসুফ বলেন, “আমরা এখন সব পক্ষকে সহিংসতা বন্ধ করে অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে মানবিক ত্রান বিতরণ কাজে সহযোগিতার খাতিরে।”
আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের জন্য ৮০ লাখ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।
