২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ব ধর্মীয় নেতা নিয়োগ নিয়ে উত্তাল মন্টিনিগ্রো

সার্ব ধর্মীয় নেতা হিসেবে অর্থডোক্স গির্জার একজন যাজকের অভিষেককে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণপূর্ব ইউরোপের দেশ মন্টিনিগ্রো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 04:46 PM

Updated : 07 Apr 2022, 11:35 PM

রোববারের এই অনুষ্ঠানকে ঘিরে দেশটিতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

শত শত প্রতিবাদকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর, বোতল ও পটকা ছুড়ে মেরেছে। এই অনুষ্ঠান সার্বিয়ার সঙ্গে দেশটির মিত্রতায় যে গভীর মতবিরোধ বিদ্যমান তা প্রকাশ্যে এনেছে বলে মন্তব্য রয়টার্সের।

দেশটির গির্জার শীর্ষ যাজক মেট্রোপলিটান অব মন্টিনিগ্রো এবং আর্চবিশপ অব সেটিনিয়ে হিসেবে পরিচিত। এই পদে দ্বিতীয় জনিকিয়ের অভিষেক হচ্ছে। সেটিনিয়ে শহরের আশ্রমে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানটি হচ্ছে।  

কিন্তু শহরজুড়ে প্রতিবাদ বিক্ষোভের কারণে দেশটির গির্জার শীর্ষ ব্যক্তিরা হেলিকপ্টারযোগে অনুষ্ঠানস্থলে যেতে বাধ্য হয়েছেন বলে গণমাধ্যম ভিয়েস্তি জানিয়েছে। তবে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে কেউ আহত হয়েছেন বলে খবর হয়নি।

এই বিক্ষোভে বলকান অঞ্চলের এই দেশটিতে বেলগ্রেডের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা যারা চায় তাদের ও বিরোধীদের উত্তেজনা প্রতিফলিত হয়েছে।

২০০৬ সালে সার্বিয়ার সঙ্গে থাকা ইউনিয়ন থেকে বের হয়ে যায় মন্টিনিগ্রো। কিন্তু দেশটির গির্জা স্বায়ত্তশাসিত হয়নি এবং সার্বীয় অর্থডোক্স গির্জার অধীনেই রয়ে গেছে। এটি মন্টিনিগ্রোর ওপর সার্বিয়ার প্রভাবের প্রতীক হয়ে রয়েছে।

সেটিনিয়েতে পুলিশের ওপর হামলাকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী দ্রাঙ্কো ক্রিওকাপিক। এই প্রতিবাদ সংগঠনের জন্য প্রেসিডেন্ট মিলো ইউকানোভিচের দল ডেমোক্র্যাটি পার্টি অব সোশ্যালিস্টসকে দায়ী করেছেন তিনি। গত বছর নির্বাচনে হারার আগে এই দলটি তিন দশক ধরে মন্টিনিগ্রোর ক্ষমতায় ছিল। 

আর্চবিশপ হিসেবে সার্বীয় দ্বিতীয় জনিকিয়ের অভিষেকের বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট ইউকানোভিচ কিন্তু প্রধানমন্ত্রী ক্রিওকাপিকের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে এক হামলায় অংশগ্রহণের দায়ে ইউকানোভিচের উপদেষ্টা ভেসেলিন ভেইলোভিচকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। 

মন্টিনিগ্রোতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত টনিনো পিটসুলা বলেছেন, বাড়তে থাকা উত্তেজনা উদ্বেগজনক।