২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ড্রোন হামলায় মৃত্যুর জবাবদিহিতা চায় অ্যামনেস্টি

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে সন্দেহভাজন বোমা হামলাকারীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় ৭ শিশুসহ ১০ জন নিহতের খবরের স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2021, 07:41 PM

Updated : 07 Apr 2022, 11:34 PM

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ’র নির্বাহী পরিচালক পল ও’ব্রায়ান এক বিবৃতিতে বলেন, “নিহতদের পরিবারের প্রতি যুক্তরাষ্ট্রের দায়-দায়িত্ব আছে। নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করা, নিহতদের নাম জানানো, ঘটনার তদন্ত এবং ক্ষতিপূরণ দেওয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব।”

“যুক্তরাষ্ট্র দুই দশক ধরে আফগানিস্তান এবং অন্যান্য দেশে মার্কিন ড্রোন হামলায় কত বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে তার কোনও জবাবদিহিতা জনগণের কাছে না করেই ড্রোন হামলা চালিয়ে গেছে।”

গত রোববার কাবুলে ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) সন্দেহভাজন এক বোমা হামলাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই হামলায় ওই হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানায় মার্কিন বাহিনী।

কাবুল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ যখন শেষ পর্যায়ে, সেই সময় ওই জঙ্গি বিমানবন্দরে গাড়িবোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে মার্কিন বাহিনীর ভাষ্য।

আইএস-কে সংশ্লিষ্ট অন্তত একজনকে বহনকারী যে গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেটিসহ উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক ধ্বংস হয়েছে বলেও দাবি করেন মার্কিন কমান্ডাররা।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রোবারের ওই ড্রোন হামলায় ৭ জন বেসামরিক নাগরিক মারা গেছে বলে জানান। আর নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুবান্ধবরা ৭ শিশুসহ ১০ জন নিহত হওয়ার খবর জানায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে, বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর খতিয়ে দেখা হচ্ছে। ওদিকে, মার্কিন ড্রোন হামলার শিকার হওয়াদের স্বজনরা বিবিসি-কে বলেছেন, “যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিতে এই হামলা চালিয়েছে।”

পুরনো খবর:

কাবুলে ড্রোন হামলায় `বেসামরিক নিহত', খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র