কাবুলে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক মানুষ মারা গেছে: তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলাকারীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো রোবারের ড্রোন হামলায় ৭ জন বেসামরিক নাগরিক মারা গেছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
সোমবার চীনের রাষ্ট্রীয় সিজিটিএন টিভি-কে মুজাহিদ একথা বলেন। ড্রোন হামলা চালানোর নির্দেশ দেওয়ার আগে তালেবানকে এ বিষয়ে না জানানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিন্দা করেন।
তাছাড়া, বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের এমন ড্রোন হামলা চালানোকে অবৈধ বলেও বর্ণনা করেন তিনি। সিজিটিএন টিভি কে লিখিত এক বক্তব্যে মুজাহিদ বলেন, “আফগানিস্তানে সম্ভাব্য কোনও হুমকি থেকে থাকলে সেটি আমাদেরকে জানানো উচিত ছিল। সাধারণ মানুষ মারা যায় এমন কোনও দৈব হামলা করা উচিত না।”
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাদপ্তর পেন্টাগন বলছে, যে আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে তার কাবুল বিমানবন্দরে হামলা করার পরিকল্পনা ছিল। বিমানবন্দর থেকে চলে যাওয়ার শেষ পর্যায়ে রয়েছে মার্কিন সেনারা।
মার্কিন কর্মকর্তারা বলছেন, রোববারের ওই ড্রোন হামলা যে গাড়ি লক্ষ্য করে করা হয়েছিল, তাতে আইএসের আফগান শাখার অন্তত এক সদস্য ছিলেন। এর মাধ্যমে কাবুল বিমানবন্দরে আরেকটি প্রাণঘাতী হামলা ঠেকিয়ে দেওয়ার দাবিও তারা করেছেন।
রোববারের ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর খতিয়ে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
তারা বলেছে, “কাবুলে একটি গাড়িতে আমাদের হামলার পর বেসামরিক হতাহতের প্রতিবেদনের বিষয়ে অবগত হয়েছি আমরা। গাড়িটি ধ্বংসের ফলে পরবর্তীতে আরও শক্তিশালী কিছু বিস্ফোরণ হয়েছে বলে জেনেছি আমরা, এটা ইঙ্গিত দিচ্ছে যে গাড়ির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ ছিল। এসব বিস্ফোরণে অতিরিক্ত হতাহতের ঘটনা ঘটতে পারে।
আফগানিস্তানের তালেবান মুখপাত্র মুজাহিদ এর আগে গত শনিবারেও যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলার একইরকম নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। ওই ড্রোন হামলায় নানগহর প্রদেশে দুই ইসলামিক স্টেট জঙ্গি নিহত হয়েছিল। হামলায় দুই নারী এবং এক শিশু আহত হয় বলেও জানিয়েছিলেন তিনি।
