৩০ হাজার ফুট উচ্চতায় বিমানে সন্তান জন্ম দিলেন আফগান নারী
আফগান এক নারী শরণার্থী মাঝ আকাশে সন্তান জন্ম দিয়েছেন। তিনি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। তুরস্ক এয়ারলাইন্সের ফ্লাইট ৩০ হাজার ফুট উচ্চতায় থাকার সময়ই তার কন্যা শিশুর জন্ম হয়।
তুর্কি এয়ারলাইন্স জানিয়েছে, রাজধানী কাবুল ছেড়ে আসার পর সোমান নুরি নামের ২৬ বছর বয়সী ওই নারী দুবাই থেকে বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন।
বিবিসি জানায়, শরণার্থীদের নিয়ে উড়ে যাওয়া ওই বিমানে কোনও চিকিৎসক ছিলেন না; কেবিন ক্রুদের তত্ত্বাবধানেই নুরি শিশুর জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে ‘হাব্বা’ বা ‘হাওয়া’, যার ইংরেজি অর্থ ‘ইভ’ |
তুর্কি এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে, মা ও শিশু উভয়ই নিরাপদ ও সুস্থ আছেন। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের মুখে সোমান নুরি নামের এই নারী তার স্বামী ও আরও দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে এসেছেন।
তারা শরণার্থী হিসেবে তুর্কি এয়ারলাইন্সের বিমানে ওঠেন। বিমানটি যুক্তরাজ্যের বার্মিংহামে যাওয়ার আগে পূর্বসতর্কতার জন্য কুয়েতে অবতরণ করেছিল। কুয়েতের আকাশসীমায় থাকার সময়ই বিমানটিতে শিশু হাব্বার জন্ম হয়।
শনিবার বার্মিংহামের স্থানীয় সময় সকাল ১১ টা ৪৫ মিনিটে বিমানটি অবতরণ করেছে বলে জানিয়েছে তুর্কি এয়ারলাইন্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা, মঙ্গলবারের (৩১ অগাস্ট) মধ্যে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন নাগরিক ও আফগানদের সরিয়ে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের মিত্র অন্যান্য দেশও এই সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে তাদের বাহিনী সরিয়ে নিচ্ছে। ফ্রান্স তাদের কার্যক্রম শুক্রবারই শেষ করেছে। যুক্তরাজ্য শনিবারের মধ্যে তাদের সব নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া সম্পন্ন করেছে।
