আফগানিস্তানে জরুরি সাহায্যের আবেদন জাতিসংঘ অভিবাসন সংস্থার
আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) আফগানিস্তানে বাস্তুচ্যুত হওয়া এবং চরম ঝুঁকির মধ্যে থাকা ৫০ লাখের বেশি মানুষের জন্য ২ কোটি ৪০ লাখ ডলারের জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে।
৩১ অগাস্টের চূড়ান্ত সময়সীমার মধ্যে কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য তোড়জোড় করছে পশ্চিমা দেশগুলো। বিমানন্দরের গেটে এরই মধ্যে বিস্ফোরণে হতাহতের ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতির মধ্যেই আইওএম থেকে এই সহায়তার আবেদন এল। আইওএম এর আফগানিস্তান মিশনের প্রধান স্টুয়ার্ট সিম্পসন এক বিবৃতিতে বলেছেন, “যেখানে যেখানে সম্ভব আমাদের মানবিক ত্রাণকাজ চলছে। জায়গাগুলোতে আমরা যতটা যেতে পারছি তার ওপর এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে চলছে কার্যক্রম।”
“আফগানিস্তানে সহিংসতা-সংঘাত, খরা এবং কোভিড-১৯ মহামারী সব মিলে দিন দিনই দারিদ্র্য এবং খাদ্য সংকট বাড়ছে। ফলে দেশটির মানুষজনের জন্য ব্যাপক মানবিক ত্রাণ সহায়তা এবং সুরক্ষা ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।”
“আফগানিস্তানে নতুন বাস্তুচ্যুত ৫৫০,০০০ মানুষসহ অভ্যন্তরীনভাবে বাস্তুচ্যুত হওয়া ৫৫ লাখ মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন।”
এ বছরের শুরুতে আফগানিস্তানের ১ কোটি শিশুসহ ৪ কোটি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন পড়েছিল জানিয়ে আইওএম বলেছে, এই চাহিদা আরও বাড়ারই আশঙ্কা করা হচ্ছে।
