২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান শাসনে আফগান জনগণ খুশি : দাবি তালেবানের

আফগানিস্তানের জনগণের ওপর কঠোর শাসন চাপিয়ে দেওয়ার পরিকল্পনা তালেবানের নেই। তালেবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে এবং জনগণও তালেবান শাসনে খুশি বলে দাবি করেছেন সাবেক তালেবান দূত মোল্লা আব্দুল সালাম জাঈফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 12:38 AM

Updated : 07 Apr 2022, 11:32 PM

২০ বছর আগে আফগানিস্তানে তালেবান শাসন উৎখাত হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানে তালেবান সরকারের রাষ্ট্রদূত ছিলেন জাঈফ। সম্প্রতি তিনি শান্তি আলোচনায় জড়িত হয়েছেন।

বিবিসি-কে জাঈফ বলেন, “জনগণের জীবন এখন স্বাভাবিক। নারীশিক্ষা শুরু হয়েছে। নারীরা কাজেও যেতে পারে।” কেবল কিছু আফগান কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে কোনও কাগজপত্র ছাড়াই দেশ ছাড়ার সুযোগ খুঁজছে।

তালেবানকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে অভিযোগ তুলে জাঈফ বলেন, “তালেবান ভয়ঙ্কর, তারা জনগণের বিরুদ্ধে, শিক্ষার বিরদ্ধে- এমন ধারণা জনগণকে দেওয়াটা তালেবানের বিরুদ্ধে এক বড় ধরনের চক্রান্ত।”

তিনি বলেন, “আমি কাবুলে লোকজনের সঙ্গে যোগাযোগ করে দেখছি তারা খুশি। আর তালেবানও জনগণের বিরুদ্ধে কোনও প্রতিশোধ নিচ্ছে না। এমনকী যারা কাবুল বিমানবন্দরে যাচ্ছে তাদেরকেও তালেবান সেখানে যেতে আটকাচ্ছে না।”

তালেবানের আগের শাসনামলে (১৯৯৬-২০০১) নারীরা কাজে যেতে পারতেন না, তাদের মুখ ঢেকে রাখতে হতো এবং বাড়ি থেকে বের হলে তাদের সঙ্গে একজন পুরুষ আত্মীয়কে সঙ্গী হিসেবে থাকতে হত।

এবার ক্ষমতা দখলের পর তালেবানের মুখপাত্ররা সাধারণ আফগানদের আশ্বস্ত করতে চেয়েছেন যে, তারা প্রতিশোধ নেবে না এবং নারীদেরকেও কাজে যোগ দেওয়ার অনুমতি দেবে, যতক্ষণ পর্যন্ত তাদের কাজ ইসলামি আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকছে।

তবে বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের খোঁজ করা, কাজ থেকে জোর করে নারীদের বের করে দেওয়া এবং সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সংখ্যালঘু আদিবাসীদের বিরুদ্ধে প্রতিহিংসাপূর্ণ আচরণের বিভিন্ন খবর প্রায়ই পাওয়া যাচ্ছে। এতে জনমনে উদ্বেগ বেড়েছে। তালেবান অবশ্য হয়রানির অভিযোগগুলো তদন্ত করার কথাও বলেছে।