পানশির দখলে এগুচ্ছে তালেবান, লড়তে প্রস্তত হাজারো প্রতিরোধ যোদ্ধা
আফগানিস্তানের অজেয় ‘দূর্গ’ পানশির উপত্যকা দখলে এবার অগ্রসর হচ্ছে তালেবান। ওদিকে, তাদের বিরুদ্ধে লড়তে হাজারো যোদ্ধা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তালেবান-বিরোধী একটি প্রতিরোধগোষ্ঠী।
তালেবান-বিরোধী ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ) এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলি নাজারি বিবিসি-কে বলেন, তারা এখনও শান্তিপূর্ণ আলোচনা চালাতে চান।
কিন্তু তিনি বলেন, “যদি এই উদ্যোগ ব্যর্থ হয়… তাহলে আমরা কোনও ধরনের আগ্রাসন মেনে নেব না।”
তালেবান এরই মধ্যে পানশিরে এনআরএফ এর ঘাঁটি ঘিরে ফেলা এবং গোষ্ঠীটিকে অবরুদ্ধ করে ফেলার দাবি করেছে। তালেবান প্রতিরোধগোষ্ঠীর সদস্যরাও বলেছেন, তালেবান এখন কাবুলের উত্তরপশ্চিমের এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এখন পানশিরে তালেবান প্রতিরোধের মুখ হয়ে উঠেছেন। এক টুইটে তিনি জানান, তালেবান যোদ্ধারা পানশির প্রদেশের প্রবেশপথের কাছে জড়ো হচ্ছে।
১৯৯০ এর দশকে আফগানিস্তানে যুদ্ধ চলার সময় হিন্দুকুশ পর্বতের মাঝে থাকা এই পানশির প্রদেশের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান জঙ্গিরা। এবারও পানশির দখলে নিতে পারেনি তালেবান। এই একটিমাত্র প্রদেশ এখনও তালেবানের কব্জার বাইরে রয়েছে।
ভৌগোলিক কাঠামোর কারণেই পানশির এক দুর্ভেদ্য দুর্গ। কোনও বাহিনী সেখানে প্রবেশের দুঃসাহস করতে পারে না। চারদিকে উঁচু পাহাড় ঘেরা এ প্রদেশের মাঝখানে আছে সমতল ভূমি। বাইরের যে কারও জন্য সে জায়গা যেন এক গোলকধাঁধা।
এই অঞ্চলটি এখনও ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ) এর নিয়ন্ত্রণাধীন। এই দলটি প্রতিষ্ঠা করেছেন ১৯৮০’র দশকে আফগানিস্তানে সোভিয়েত-বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ।
৮০’র দশকে সোভিয়েতবিরোধী প্রতিরোধে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আহমাদ শাহ মাসুদ। ১৯৯০ এর দশকে তিনি আফগান সরকারের সামরিক শাখার নেতৃত্বে ছিলেন। তালেবান ক্ষমতা দখলের পরও তাদের শাসনের বিরুদ্ধে প্রধান বিরোধী কমান্ডার ছিলেন আহমাদ শাহ মাসুদ। ২০০১ সালে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
এনআরএফ-এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলি নাজারি বিবিসি রেডিও ফোর’ এর টুডে প্রোগ্রামে বলেছেন, সম্প্রতি কয়েকদিনে পানশিরে গোটা দেশ থেকেই স্থানীয় প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে মানুষ যোগ দিয়েছে। স্থানীয়ভাবে তারা ইতোমধ্যে প্রশিক্ষণও নিয়েছে।
তালেবানের বিরুদ্ধে লড়তে এনআরএফ এর “হাজার হাজার যোদ্ধা প্রস্তুত রয়েছে” বলে জানান তিনি। বিবিসি তার এই দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। তবে যে কোনও যুদ্ধ বা সংঘাতে যাওয়ার আগে এনআরএফ শান্তি স্থাপন এবং আলোচনাই পছন্দ করবে বলে জানান নাজারি।
আফগানিস্তানে বিকেন্দ্রীভূত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার করাই এনআরএফ এর চূড়ান্ত লক্ষ্য। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আগে দেশের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসতে হবে বলেই এরআরএফ বিশ্বাস করে, জানান নাজারি।
