বিমানবন্দরে বিশৃঙ্খলায় আফগানদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বিঘ্নিত হচ্ছে: ডব্লিউএইচও
কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে আফগানদের জন্য সার্জারির যন্ত্রপাতি এবং মারাত্মক অপুষ্টির চিকিৎসায় ব্যবহৃত কিটসহ ৫শ’রও বেশি টন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এ সপ্তাহে আটকে গেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ত্রাণসংস্থাগুলো বলেছে, আফগানিস্তানে গত দু’মাসে তালেবানের অগ্রযাত্রা এবং কাবুল দখলের অভিযানে সহিংসতায় বাস্তুচ্যুত ৩ লাখ মানুষের কাছে চিকিৎসা ও খাদ্য সরবরাহ পৌঁছানো জরুরি।
সম্প্রতি কয়েকদিনে আফগানিস্তানের হাজারো মানুষ দেশ ছাড়লেও কাবুল বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকার কারণে চিকিৎসা সরঞ্জাম সেখানে পৌঁছতে পারছে না বলে জানিয়েছেন ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক রিচার্ড ব্রেনান।
এক বিবৃতিতে তিনি বলেন, “বিশ্বের দৃষ্টি এখন আফগানদের বিমানবন্দর ছাড়া এবং বিমানের বিমানবন্দর ছেড়ে যাওয়ার দিকে। কিন্তু যারা এখনও পেছনে পড়ে আছেন তাদেরকে সহায়তা করতে এইসব সরঞ্জাম আফগানিস্তানে পৌঁছানো প্রয়োজন।”
এ পরিস্থিতিতে ডব্লিউএইচও খালি বিমানগুলোকে গতিপথ বদলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গুদামে যাওয়ার আহ্বান জানাচ্ছে। যাতে বিমানগুলো আফগানিস্তান থেকে লোকজনকে আনতে যাওয়ার পথে গুদাম থেকে সরঞ্জাম নিয়ে যেতে পারে।
আফগানিস্তানে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ডব্লিউএইচও আরও নানারকম বিকল্প পথ নেওয়ার চেষ্টা করছে এবং অন্যান্য দেশগুলোর সরকারের সঙ্গেও কথা বলছে বলে জানান ব্রেনান।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর নির্বাহী পরিচালক হেনরিত্তা সোমবার বলেছেন, আফগানিস্তানজুড়ে প্রায় ১ কোটি শিশুর মানবিক সহায়তা দরকার এবং এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
১৫ অগাস্ট তালেবান কাবুল দখল করে নেওয়ার পর থেকে সেখান থেকে পালিয়ে আসা হাজার হাজার আফগান ও বিদেশি নাগরিক বিমানবন্দরটিতে জড়ো হয়েছেন, তারা সবাই আফগানিস্তান থেকে পালাতে চাইছেন।
তারপর থেকে বিমানবন্দরের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে আছে। তারমধ্যেই নিজেদের নাগরিক ও তালেবানের হুমকির মুখে থাকা আফগানদের বিমানযোগে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের আন্তর্জাতিক মিত্র বাহিনীগুলো।
সোমবার বিমানবন্দরের উত্তরের গেইটে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে পশ্চিমা নিরাপত্তা বাহিনী ও আফগান রক্ষীদের গোলাগুলি হয়েছে বলে জার্মানির সশস্ত্র বাহিনী জানিয়েছে। এ ঘটনায় একজন আফগান রক্ষী নিহত ও আরও তিন জন আহত হয়েছেন বলে টুইটারে জানিয়েছে তারা।
এ লড়াইয়ে মার্কিন ও জার্মান বাহিনীগুলোও জড়িয়ে পড়েছে। বিমানবন্দরটির বাইরে শৃঙ্খলা বজার রাখার জন্য নিজেদের যোদ্ধাদের মোতায়েন করেছে তালেবান আর ভেতরে আফগান রক্ষীরা যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোকে সহায়তা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
