২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে ৩ বছরের শিশুদেরও দেখাতে হবে কোভিড ‘নেগেটিভ’ সনদ

বিশ্বে সবার আগে টিকা কার্যক্রম শুরু করা অন্যতম দেশ ইসরায়েল বেশিরভাগ মানুষকে কোভিড টিকা দিলেও সম্প্রতি আবার সংক্রমণ লাফিয়ে বাড়তে শুরু করায় পরিস্থিতি সামলাতে বিধিনিষেধ আরও কড়া করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2021, 06:11 PM

Updated : 07 Apr 2022, 11:31 PM

নতুন বিধির আওতায় বিভিন্ন ক্ষেত্রে তিন বছর থেকে এর ঊর্ধ্বের শিশুদের কোভিড ‘নেগেটিভ’ সনদ দেখাতে হবে বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলে রেস্তোঁরা, ক্যাফে, মিউজিয়াম, লাইব্রেরি, জিম এবং সুইমিং পুলে যেতে হলে ‘গ্রিন পাস’ দেখানোর নিয়ম চালু রয়েছে। তবে শপিং সেন্টার বা মলে যেতে পাস দেখানোর প্রয়োজন পড়ে না।

যারা দুই ডোজ কোভিড টিকা নিয়েছেন, কোভিড থেকে সেরে উঠেছেন বা ২৪ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ফল যাদের ‘নেগেটিভ’ এসেছে তাদেরকেই দেওয়া হয় এই গ্রিন পাস।

বুধবারের আগ পর্যন্ত ১২ বছর ও এর ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রে ‘গ্রিন পাস’–এর ব্যবস্থা চালু রেখেছিল ইসরায়েল। এ ব্যবস্থায় এই বয়সের শিশুরা বাড়ির বাইরে ‘গ্রিন পাস’–এর আওতাভুক্ত স্থানে গেলে তাদেরতে কোভিড পরীক্ষার সনদ, টিকা নেওয়ার সনদ বা কোভিড থেকে সেরে ওঠার সনদ দেখাতে হয়।

কিন্তু এখন নতুন নিয়মের আওতায় তিন বছর থেকে ১১ বছর বয়সী শিশুদেরকেও ‘গ্রিন পাস’ দেখাতে হবে। এইসব শিশুর পাঁচ বা তার বেশি বয়স না হওয়া পর্যন্ত তাদের করোনাভাইরাস পরীক্ষার অর্থ সরকারই দেবে।

কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ইসরায়েল শুরু থেকেই কঠোর পদক্ষেপ নিয়ে এর সুফলও পেয়েছিল। গত মে মাসে ইসরায়েলে সংক্রমণ শূন্যের কোঠায় নেমে এসেছিল। কিন্তু এরপর জুনের শেষে আবার সংক্রমণ বাড়তে শুরু করে।

ইসরায়েল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার নতুন ৭ হাজার ৮৭০ জনের ভাইরাস শনাক্ত হওয়ার খবর জানিয়েছিল। এর আগের দিন এই সংখ্যা ছিল আরও বেশি ৮ হাজার ৭৫২ জন।

গত সপ্তাহে ইসরায়েলে কোভিডে মারা গিয়েছিল ১২০ জনেরও বেশি মানুষ। এ সংখ্যা জুলাইয়ে একমাসে মারা যাওয়া মানুষের সংখ্যার দ্বিগুন। এছাড়া, হাসপাতালে কোভিড আক্রান্ত গুরুতর রোগী আছে ৬শ জন।