২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা আবার ফিরে আসতে পারে: যুক্তরাজ্য

আফগানিস্তান ব্যর্থ রাষ্ট্র এবং গৃহযুদ্ধের পথে যাচ্ছে। এই পরিস্থিতিতে আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠী আবার ফিরে আসতে পারে এবং পশ্চিমাদের বিরুদ্ধে হুমকি হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2021, 08:32 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

দুই দশকের রক্তাক্ত যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর থেকেই তালেবান সহিংসতা বেড়ে গেছে। একের পর এক এলাকা দখল করে তালেবান এখন এগোচ্ছে রাজধানী কাবুলের দিকে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসকে আফগানিস্তানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে শুক্রবার স্কাই নিউজকে তিনি বলেন, “ব্যর্থ রাষ্ট্রগুলো ওই ধরনের মানুষদের উত্থানের ক্ষেত্র বলে আমি খুবই উদ্বিগ্ন। আল কায়দা সম্ভবত আবার ফিরে আসতে পারে।”

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

বিবিসি’কে তিনি বলেন, “১৮৩০ এর দশকে আফগানিস্তানকে যুদ্ধবাজ নেতা এবং বিভিন্ন প্রদেশ ও উপজাতিদের নেতৃত্বাধীন দেশ হিসাবেই প্রত্যক্ষ করেছিল ব্রিটেন। আর গৃহযুদ্ধে সতর্ক না হলে আপনি শেষ হয়ে যাবেন। আমার মনে হয় আমরা এখন গৃহযুদ্ধের দিকেই এগুচ্ছি।”

টানা দুই দশকের সামরিক অভিযান শেষে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বাহিনী আফগানিস্তান ছাড়ার এই সময়ে তালেবান যোদ্ধাদের দ্রুতগতিতে একের পর এক এলাকার দখল সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হেরাত, গজনি ও কালা-ই-নাওয়ের মতো গুরুত্বপূর্ণ একাধিক শহরের পতন হয়। তালেবানের এক মুখপাত্র পরে ‘কান্দাহারের সম্পূর্ণ নিয়ন্ত্রণও আমাদের হাতে’ বলে দাবি করেন। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গা-ও বাহিনীটির হাতে চলে গেছে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। তারা এখন ‘বজ্রগতিতে’ কাবুলের দিকে অগ্রসর হচ্ছে।

আগে ১৯৯৬ সালে থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের বেশিরভাগ জায়গা তালেবানের নিয়ন্ত্রণে ছিল। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরের হামলার পর জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সেই সময়কার প্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার কারণে তালেবানকে উৎখাত করা হয়েছিল।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়ালেস বলেন, পশ্চিমাদেরকে এটা বুঝতে হত যে, তারা চটজলদি আফগানিস্তানের মতো একটি দেশকে ঠিক করতে পারবে না, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে। তিনি বলেন, তালেবান আল কায়েদাকে আশ্রয় দিতে শুরু করলে “আমরা আবার ফিরে যেতে পারি।”