২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মহামারীতে ইন্ধন যোগাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত বিস্তারলাভ করায় যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে ও ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 02:27 PM

Updated : 07 Apr 2022, 11:28 PM

সোমবার আরক্যানস রাজ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর (আইসিইউ) মাত্র আটটি শয্যা খালি ছিল বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর এশা হাচিনসন। 

কম টিকা হারের কারণে খাবি খেতে থাকা দক্ষিণাঞ্চলীয় অনেক রাজ্যসহ যুক্তরাষ্ট্রের বহু জায়গায় করোনাভাইরাসের ডেল্টা ধরনটি ছড়িয়ে পড়ছে।

রয়টার্সের টালি অনুযায়ী, গত তিন দিন ধরে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা গড়ে এক লাখ করে ছিল, যা গত সপ্তাহের চেয়ে ৩৫ শতাংশ বেশি। জনসংখ্যার ভিত্তিতে গত সপ্তাহে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে লুইজিয়ানা, ফ্লোরিডা ও আরক্যানসতে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪০ শতাংশ ও মৃত্যুর সংখ্যা ১৮ শতাংশ বেড়েছে।

আরক্যানসর গভর্নর হাচিনসন টুইটারে বলেছেন, “আমরা একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বাড়তে দেখেছি আর এটি কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আগের সর্বোচ্চ সংখ্যাকে আড়াল করে দিয়েছে। এখন এ রাজ্যে মাত্র আটটি আইসিইউ শয্যা খালি আছে।”

রিপাবলিকান এই গভর্নর আরক্যানসর বাসিন্দাদের মহামারীর প্রতিরোধে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরক্যানসর প্রতিবেশী রাজ্য টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সোমবার জানিয়েছেন, তিনি টেক্সাসে ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করতে পারেন যেখানে কোভিড রোগীরা অ্যান্টিবডির ওষুধ পাবেন। 

রোববার ফ্লোরিডায় দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, এদিন রাজ্যটিতে ২৮ হাজার ৩১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, টানা আট দিন ধরে ফ্লোরিডায় রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসের মূল ধরন আলফার চেয়ে ডেল্টা ধরনটিতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গ্রীষ্মে সংক্ষিপ্ত বিরতি দেওয়ার পর ভাইরাসটি ফের মার্কিনিদের জীবনকে বিপর্যস্ত করতে শুরু করায় অনিচ্ছুক লোকজনও টিকা দেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছেন।