২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে ম্যানেজারকে বরখাস্ত করছে আলিবাবা

চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা ধর্ষণের অভিযোগে এক ম্যানেজারকে চাকরিচ্যুত করতে চলেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 09:15 PM

Updated : 07 Apr 2022, 11:28 PM

চিঠিটি দেখতে পেয়েছে বিবিসি। তাতে প্রধান নির্বাহী কর্মকর্তা ডানিয়েল ঝাং বলেছেন, এ অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে অন্য দুইজন বস পদত্যাগ করেছেন।

এক নারী কর্মী ওই ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, তিনি মদ্যপ অবস্থায় অচেতন থাকার সুযোগে তার এই পুরুষ বস (ম্যানেজার) একটি হোটেলে তাকে ধর্ষণ করেন।

 এই অভিযোগ ওঠার পর পুলিশের সঙ্গে তদন্তকাজে নেমেছে আলিবাবা। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের এই অভিযোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ডানিয়েল ঝাং জানান, অভিযুক্ত ম্যানেজার ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন এবং বলেছেন যে, ওই নারী ‘মাতাল’ অবস্থায় থাকার সময় তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল।

কর্মীদের কাছে আলিবাবার পাঠানো চিঠিটিতে বলা হয়েছে, “অভিযুক্ত ওই ম্যানেজারকে বরখাস্ত করা হবে। তাকে আর নিয়োগ দেওয়া হবে না।  তিনি ধর্ষণ বা অশ্লীল আচরণ করেছেন কিনা এবং তাতে আইন লঙ্ঘন হয়েছে কিনা তা নির্ধারণ করবে আইন প্রয়োগকারীরা।”

 চিঠিতে আরও বলা হয়, নির্যাতিত ওই নারীর কল্যাণের দায়দায়িত্ব নেবে আলিবাবা। “আমরা তার দেখাশোনার জন্য যথাসম্ভব সবকিছু করব।”

চীনের পূর্বাঞ্চলীয় জিনান নগরীতে এই ধর্ষণের ঘটনা ঘটে। রোববার সেখানকার পুলিশ বলেছে, তারা অভিযোগের তদন্ত শুরু করেছে।

ধর্ষণের শিকার নারীর ১১ পৃষ্ঠার অভিযোগ প্রকাশ করা হয়েছে চীনের টুইটারের মতো সামাজিক যোগাযোগ প্লাটফর্ম উইবোতে। এতে তিনি বলেছেন, ম্যানেজার তাকে একজন মক্কেলের সঙ্গে দেখা করানোর জন্য জিনান শহর সফরে নিয়ে যান।

শহরটি হাংঝৌয়ে আলিবাবা’র প্রধান কার্যালয় থেকে প্রায় ৯শ কিলোমিটার দূরে। সেখানে নৈশভোজের সময় ম্যানেজারের নির্দেশে অন্যান্য সহকর্মীদের সঙ্গে অ্যালকোহল পান করেছিলেন বলে জানিয়েছেন ওই নারী।

তিনি জানান, এর পরের ঘটনা তার মনে নেই। পরদিন চেতনা ফিরে পেয়ে তিনি নিজেকে একটি হোটেল কক্ষে আবিষ্কার করেছিলেন। তার পরণে কোনও কাপড় ছিল না। রাতে কি ঘটেছে তা স্মরণ করতে পারেননি তিনি।

পরে ওই নারী সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখতে পান, ম্যানেজার সেই রাতে চারবার তার রুমে প্রবেশ করেছেন। চিঠিতে আলিবাবা বলেছে, জোর করে কাউকে মদপান করানোর কঠোর বিরোধী তারা।

নির্যাতিত নারী হাংঝৌয়ে আলিবাবার প্রধান কার্যালয়ে ফেরার পর ঘটনাটি মানবসম্পদ বিভাগ এবং সিনিয়র ম্যানেজারকে জানান। আর তখনই তিনি ওই ম্যানেজারকে বরখাস্ত করার অনুরোধ করেন।