ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
করোনাভাইরাস প্রাদুর্ভাব ও অর্থনীতিতে এর প্রভাব সামাল দিতে ব্যর্থতার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।
শনিবার এ বিক্ষোভ চলার সময় কয়েক হাজার প্রতিবাদকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কয়েকশত দাঙ্গা পুলিশ ব্যাংককের ভিক্টোরি মনুমেন্টের কাছে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার দপ্তরগামী একটি সড়ক কন্টেইনার দিয়ে বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা সেদিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা করে।
পুলিশের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, “জনতাকে নিয়ন্ত্রণে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। শৃঙ্ক্ষলা বজায় রাখাই আমাদের লক্ষ্য।”
বিক্ষোভকারীরা পিং পং বোমা, পাথর ও মার্বেল ছুড়েছে বলে জানান তিনি।
দুই পক্ষের সংঘর্ষের সময় বহু প্রতিবাদকারীকে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সযোগে সরিয়ে নিতে দেখা যায়। এরাওয়ান ইর্মাজেন্সি মেডিকেল সেন্টার জানিয়েছে, অন্তত দুই বেসামরিক ও তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
“আমরা প্রায়ুথের পদত্যাগ চাই কারণ লোকজন টিকা পাচ্ছে না,” বলেন ২৩ বছর বয়সী এক প্রতিবাদকারী যুবক।
“আমাদের কাজ নাই আর আয়ও নাই, তাই প্রতিবাদ ছাড়া আমাদের কোনো উপায় নাই,” বলেন তিনি।
থাইল্যান্ডের ছয় কোটি ৬০ লাখ লোকের মধ্যে প্রায় ছয় শতাংশ পুরোপুরি টিকা নিয়েছেন। ব্যাংককসহ দেশটির অধিকাংশ এলাকাই রাত্রিকালীন কারফিউসহ লকডাউনের আওতায় আছে। একত্রে পাঁচ জনের বেশি সমাবেশের ওপর নিষেধাজ্ঞাও বহাল আছে।
তারপরও সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি গোষ্ঠী রাস্তায় সরকারবিরোধী প্রতিবাদের আয়োজন করে। এদের মধ্যে প্রায়ুথের সাবেক রাজনৈতিক মিত্ররাও আছে। সরকারের স্বাস্থ্য সংকট ব্যবস্থাপনা নিয়ে বাড়তে থাকা হতাশাই এর কারণ বলে জানিয়েছে রয়টার্স।
শনিবার থাইল্যান্ডে প্রায় ২২ হাজার নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত এবং ২১২ জনের মৃত্যু হয়েছে। এটি দৈনিক শনাক্ত ও মৃত্যুর রেকর্ড।
গত বছর মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে সাত লাখ ৩৬ হাজার ৫২২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৬০৬৬ জনের।
