কোভিড সংক্রমণ ঠেকাতে ‘গ্রিন পাস’ চালু করছে ইতালি
করোনাভাইরাস সংক্রমণ কমাতে কয়েকটি পরিষেবা ও জনসমাগম এলাকায় প্রবেশের জন্য ডিজিটাল সার্টিফিকেট চালু করছে ইতালি।
‘গ্রিন পাস’ নামের এই ডিজিটাল সার্টিফিকেটধারীরা ওইসব স্থানে যেতে পারবেন এবং সেবা নিতে পারবেন।
যারা অন্তত এক ডোজ কোভিড টিকা নিয়েছেন, কোভিড থেকে সেরে উঠেছেন বা ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ফল যাদের ‘নেগেটিভ’ এসেছে তারা পাবেন এই গ্রিন পাস।
বিবিসি জানায়, শুক্রবার থেকে জিম কিংবা রেস্তোরাঁর মতো জায়গাগুলোতে ১২ বছরের বেশি বয়সের যে কাউকে পাস দেখাতে হবে।
ইউরোপের বেশ কয়েকটি দেশে এমন পাস চালু হয়েছে। এবার ইতালিও সেই কাতারে সামিল হল। ফ্রান্স আগেই হেলথ পাস চালু করেছে।
ফরাসি সরকার সোমবার থেকে রেস্তোরাঁ, বার, বিমান ও ট্রেনে চলাচলের জন্যও এই হেলথ পাস দেখানোর আওতা বাড়াচ্ছে। অস্ট্রিয়া, সাইপ্রাস ও ডেনমার্কও এমন উদ্যোগ নিয়েছে।
ইতালিতে ভোক্তা ও ব্যবসায়ীরা নতুন বিধি লঙ্ঘন করলে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।
জনমত জরিপে দেখা গেছে, ইতালির বেশিরভাগ মানুষ এ উদ্যোগকে সমর্থন করছে। যদিও ইতালির কয়েকটি অঞ্চলে এ পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।
ইতালির ৬০% এর বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছে। কিন্তু করোনাভাইরাসের ডেল্টা ধরনের প্রকোপে কোভিড শনাক্ত বাড়ছে। এ সপ্তাহে দেশটিতে ২২ হাজার জনের কোভিড শনাক্ত হয়েছে।
১ সেপ্টেম্বর থেকে গ্রিন পাস ইউনিভার্সিটির কর্মী এবং দূর পাল্লার পরিবহণের ক্ষেত্রেও চালু করা হবে। তবে হোটেল, সুপারমার্কেট ও শপিং সেন্টারে গ্রিন পাস চালুর কোনও পরিকল্পনা এখনও নেই।
