২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

আফগানিস্তানে প্রাদেশিক একটি রাজধানী দখল করে নিয়েছে তালেবান। দেশের দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ তালেবানের দখলে চলে গেছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2021, 08:53 PM

Updated : 07 Apr 2022, 11:27 PM

তিনি জানান, সরকারের কাছ থেকে যথেষ্ট লোকবল না পাওয়ার কারণে জারাঞ্জের পতন হয়েছে।

যুক্তরাষ্ট্র গতবছর মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তালেবানের সঙ্গে চুক্তি করার পর আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে এই প্রথম একটি প্রাদেশিক রাজধানী তালেবান জঙ্গিদের দখলে এল।

স্থানীয় এক আফগান কর্মকর্তা বলেছেন, তালেবান যোদ্ধারা প্রাদেশিক গভর্নরের কার্যালয়, পুলিশ সদরদপ্তর এবং ইরান সীমান্তের কাছে একটি ছাউনি দখলে নিয়েছে।

ওদিকে, তালেবানের পক্ষ থেকে জয় উদযাপনের কথা জানিয়ে বলা হয়েছে, জারাঞ্জ দখলে চলে আসায় অন্যান্য প্রদেশের লড়াইয়েও জয় পেতে যোদ্ধাদের মনোবল বেড়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কমান্ডার বলেন, “এটি কেবলমাত্র সূচনা, এরপর দেখেন অন্য প্রদেশগুলোও কিভাবে খুব শিগগিরই আমাদের হাতে চলে আসে।”

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও নেটো জোট সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে সংঘাত বেড়েছে। আফগান বাহিনীর হাত থেকে একের পর এক জেলা দখলে নিয়েছে তালেবান।

এখন তালেবানের নিশানা হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ নগরীগুলো। প্রাদেশিক রাজধানীগুলো তালেবান হামলার হুমকিতে পড়েছে। দেশের পশ্চিমাঞ্চলে হেরাত এবং দক্ষিণে লস্কর গা তে তালেবান হামলা চালাচ্ছে।

জারাঞ্জ এর অবস্থান ইরান সীমান্তের কাছে হওয়ায় এ নগরীটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা। তালেবান এর আশেপাশের এলাকাগুলো আগেই দখল করেছে। আর শুক্রবার তারা নগরীও দখলে নিল।

সরকারি এক কর্মকর্তা বিবিসি-কে জানিয়েছেন, সেখানকার ন্যাশনাল ডাইরেক্টরেট সিকিউরিটি অফিস ঘিরে এখনও লড়াই চলছে।