২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বিমান হামলার পাল্টায় রকেট ছুড়ল হিজবুল্লাহ

লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবানন-সিরিয়া সীমান্ত ও ইসরায়েলের দখলে থাকা গোলান হাইটসের সংযোগস্থলে অবস্থিত সেবা ফার্মস এলাকায় ইসরায়েলি অবস্থানের কাছে খালি জায়গায় রকেট ছুড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2021, 04:25 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার প্রত্যুত্তরে এই রকেটগুলো ছোড়া হয়েছে, শুক্রবার এক বিবৃতিতে তারা এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীও।

শুক্রবার তাদের বিবৃতিতে বলা হয়, “লেবানন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ১০ এর অধিক রকেটের পাল্টায় আমরা এখন লেবাননের যেসব স্থান থেকে রকেট ছোড়া হয়, সেসব জায়গায় হামলা চালাচ্ছি।”

ইসরায়েল-লেবাননে পাল্টাপাল্টি হামলায় সীমান্তে উত্তেজনা

ওমান ঊপকূলে ট্যাংকারে প্রাণঘাতী হামলা নিয়ে তেহরান-তেলআবিব বাড়তে থাকা উত্তেজনার মধ্যে লেবানন-ইসরায়েল সীমান্তে এই পাল্টাপাল্টি হামলা ওই অঞ্চলের অবস্থা জটিল করে তুলছে।

২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার একমাসের যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত দেখা যায়নি।

বুধবার লেবানন থেকে ছোড়া রকেটের পাল্টায় দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কামানের গোলা ছোড়ে ইসরায়েল। কোনো গোষ্ঠী এদিনের রকেট হামলার দায় স্বীকার করেনি।

শুক্রবার লেবানন থেকে ছোড়া বেশিরভাগ রকেটই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা আয়রন ডোম নিস্ক্রিয় করে দেয়; বাকিগুলো খালি জায়গায় পড়ে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।

হিজবুল্লাহর এই হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

রকেট হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চল ও গোলান হাইটসে সাইরেনের শব্দ শোনা গেছে।

লেবাননের নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ রকেটগুলো আল-আরকাব এলাকা থেকে ছুড়েছে; এটি লেবাননের শহর সেবার কাছে অবস্থিত।