২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ‘আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ বাইডেন-মের্কেল

যুক্তরাষ্ট্র ও জার্মানি ঐক্যবদ্ধভাবে রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2021, 03:49 PM

Updated : 07 Apr 2022, 11:22 PM

ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইন নিয়ে তার উদ্বেগের কথা মের্কেলকে জানিয়েছেন। বলেছেন, জ্বালানিকে হাতিয়ার করতে মস্কোকে সুযোগ না দেওয়ার ব্যাপারে তারা দু’জনই একমত।

দুই দেশ চীনের ‘গণতন্ত্রবিরোধী পদক্ষেপের’ বিরোধিতা করছে বলেও মন্তব্য করেছেন বাইডেন।

২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব পালন করে আসা মের্কেল চলতি বছরই ক্ষমতা ছাড়ছেন।

১৬ বছরের শাসনামলে তিনি ৪ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন।

সেপ্টেম্বরের চ্যান্সেলর নির্বাচনে তিনি লড়ছেন না, যদিও জনমত জরিপে তার দলকেই অন্যদের থেকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন আরও জানান, হাইতিতে প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের পর অস্থিতিশীলতা বাড়তে থাকলেও দেশটিতে এখনি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।

কিউবায় সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যর্থ রাষ্ট্র’ তার নাগরিকদের ওপর দমনপীড়ন চালাচ্ছে।