চীনের শিনজিয়াং থেকে আমদানি নিষিদ্ধে যুক্তরাষ্ট্রে বিল পাস
চীনের শিনজিয়াং অঞ্চল থেকে আমদানি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সেনেটে একটি বিল পাস হয়েছে। সেখানকার উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীগুলোর ওপর চীনের নির্যাতনের শাস্তিস্বরূপ এই আইন করছে দেশটি।
রয়টার্স বার্তা সংস্থা জানায়, এই বিল এখন পাস হতে হবে হাউজ অব রিপ্রেজেনটেটিভস- এ। কংগ্রেসের দুই কক্ষে বিল পাস হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন তাতে সই করলেই আইনে পরিণত হবে বিলটি।
‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ বুধবার সেনেটে পেশ করেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও এবং ডেমোক্র্যাটিক সিনেটর জেফ মার্কেলে। হাউজে বিলটি পাসে ত্বরিৎ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এক বিবৃতিরত রুবিও বলেছেন, “চীনা কমিউনিস্ট পার্টির সরকার দিনের পর দিন মানবতার বিরুদ্ধে যে অপরাধ করে চলেছে তা আমরা দেখেও চোখ বুজে থাকতে পারি না। ভয়াবহ নির্যাতন চালিয়ে যদি কেউ মুনাফা করতে চায়, সেই সুযোগ তাদেরকে আমরা দেব না।”
সেনেটে পাস হওয়া আইনটিতে বলা হয়েছে, কোনওভাবে প্রমাণিত না হলে ধারণা করা হবে শিনজিয়াং থেকে আমদানি করা পণ্য বাধ্যতামূলক শ্রমে তৈরি।
এর আগে যুক্তরাষ্ট্র শিনজিয়াং থেকে তুলা ও টমেটো আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। চীনের ৮৫ শতাংশ তুলা উৎপাদন হয় শিনজিয়াংয়ে, যা পৃথিবীর পঞ্চম বৃহৎ তুলা উৎপাদনের স্থান।
চীনের শিনজিয়াং প্রদেশের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ আছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রদেশটিতে ২০১৭ সাল থেকে অন্তত দশ লাখ মানুষকে বন্দিশিবির কিংবা কারাগারে আটক করে রাখা হয়েছে। এছাড়াও, কয়েক হাজার মানুষ রাষ্ট্রের নিয়ন্ত্রণে কঠোর নজরদারিতে আছে।
পশ্চিমা সরকারগুলো গত কয়েকমাসে শিনজিয়াংয়ের সঙ্গে কাজ করা কোম্পানিগুলোর উপর বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন উইঘুর নিপীড়নের কারণে ১৪টি চীনা কোম্পানিকে অর্থনীতির কালো তালিকাভুক্ত করেছে।
তবে উইঘুর নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে চীন। বন্দিশিবিরগুলোকে তারা উইঘুরসহ অন্যান্য মুসলিমদেরকে প্রশিক্ষণ কেন্দ্র বলে দাবি করেছে।
তাদের ভাষ্য, শিনজিয়াংয়ে দারিদ্র্য এবং ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় এইসব প্রশিক্ষণ কেন্দ্রে মূলত জাতীয়তাবাদ ও আদর্শের দীক্ষা দেওয়া এবং চিন্তা-চেতনায় পরিবর্তন আনার চেষ্টা করা হয়।
