বিপন্ন দোভাষীদের আফগানিস্তান থেকে সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে দীর্ঘ ২০ বছর ধরে চলা যুদ্ধের সময় যে দোভাষীরা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করেছে এবং এখন ঝুঁকিতে আছেন বলে মনে করা হচ্ছে, তাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস জানিয়েছে, ‘অপারেশন অ্যালাইস রেফিউজ’ নামের এই অভিযান জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হবে।
প্রেসিডেন্ট জো বাইডেনের বেঁধে দেওয়া সময়সীমা ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তানে মোতায়েন বাহিনী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র, তারপর থেকে তালেবান দেশটিজুড়ে দ্রুতগতিতে অগ্রসর হতে শুরু করেছে।
বুধবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, “এরা সাহসী মানুষ। গত বেশ কয়েক বছরে ধরে তারা যে ভূমিকা পালন করেছে তার স্বীকৃতি ও মূল্য দিতে চাই আমরা।”
পরিচয় না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় ২৫০০ লোককে সরিয়ে নেওয়া হবে, তাদের যুক্তরাষ্ট্র অথবা তৃতীয় কোনো দেশে সামরিক ঘাঁটিগুলোতে রাখা হতে পারে, এরমধ্যে তাদের ভিসা আবেদনগুলোর কাজ শেষ করা হবে।
বিবিসি জানিয়েছে, ২০০১ সাল থেকে শুরু হওয়া আফগান যুদ্ধ চলাকালে যারা যুক্তরাষ্ট্র সরকার বা মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে তাদের জন্য এই ‘বিশেষ অভিবাসী ভিসা’ কর্মসূচী চালু করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এখন আফগানিস্তান ছেড়ে যাওয়ায় এরা তালেবানের প্রতিশোধমূলক হামলার হুমকির মুখে পড়েছে। আফগানিস্তানের প্রায় সব এলাকায় তালেবান দ্রুত গতিতে নিজেদের অবস্থান সংহত করছে। এরমধ্যেই তারা আফগান বাহিনীকে হটিয়ে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং, পোস্টগুলো দখল করে নিয়েছে।
বুধবার তালেবান যোদ্ধারা কান্দাহারের পাকিস্তান সীমান্তের গুরুত্বপূর্ণ স্পিন বোলদাক ক্রসিংয়ে নিজেদের পতাকা উড়িয়েছে। তালেবানের আক্রমণের মুখে আফগান নিরাপত্তা বাহিনী পুরোপুরি ধসে পড়তে পারে বলে আশঙ্কা অনেকের।
