ভারতে প্রথম কোভিড আক্রান্ত রোগী দেড় বছর পর ফের ‘পজিটিভ’
ভারতে প্রথম করোনাভাইরাসের সন্ধান মিলেছিল কেরালার ত্রিশূরের বাসিন্দা এক নারীর। দেড় বছর পর আবার করোনাভাইরাস পরীক্ষায় তিনি ‘পজিটিভ’ হয়েছেন।
তবে আপাতত তার কোনও উপসর্গ নেই। তিনি বাড়িতেই আছেন। মঙ্গলবার কেরালার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, এর আগে গত বছর ৩০ জানুয়ারিতে ওই নারীর করোনাভাইরাস ‘পজিটিভ’ ফল এসেছিল।
সম্প্রতি তিনি পড়াশোনার জন্য রাজধানী দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে কারণেই নমুনা পরীক্ষা করান। আর তাতেই আবার ফল এসেছে পজিটিভ।
কেরালার এই নারী চীনের উহান বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। সেখানে তৃতীয়বর্ষে পড়ার সময় গতবছর তিনি ভারতের ত্রিশূরে ফিরে আসার পরই তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল। পরে নমুনা পরীক্ষায় দেখা যায় তিনি কোভিড আক্রান্ত।
প্রায় তিন সপ্তাহ চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। দুইবার করোনাভাইরাস পরীক্ষার পর ফল নেগেটিভ এলে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারিতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
এতদিন পর সেই নারী আবার করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় উদ্বেগে কেরালার স্বাস্থ্য দফতর। যদিও ত্রিশূরের জেলা চিকিৎসা কর্মকর্তা কে জে রিনা বলছেন, করোনাভাইরাসে দুইবার আক্রান্ত হওয়া নতুন কিছু নয়। কয়েকজন স্বাস্থ্যকর্মীও দুইবার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
