২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাহারে আফগান বিশেষ বাহিনীর এক রাতের অভিযান

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি জনমানবহীন বিস্তৃত মহাসড়কে রোববার রাতে স্বল্প সময়ের নামাজের বিরতি নেয় আফগানিস্তানের বিশেষ বাহিনীর সৈন্যরা। প্রতিবার তালেবান যোদ্ধাদের মুখোমুখি হওয়ার আগে এভাবেই প্রস্তুত হয় তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 03:46 PM

Updated : 10 Oct 2022, 06:06 PM

প্রশিক্ষিত এ বাহিনীকে ডাকা হয়েছে নিয়মিত বাহিনী ও স্থানীয় পুলিশের ওপর কয়েক ঘণ্টা আগে হামলা চালানো বিদ্রোহীদের হটাতে; যদিও ঘটনাস্থলে গিয়ে তারা দেখে, অল্প ক’জন বেসামরিক নাগরিক আর আহত সেনাদের রেখে তালেবানরা অন্ধকারে মিলিয়ে গেছে।

“শত্রুরা এখানে ঢুকে পড়েছে এবং তারা জেলার নিয়ন্ত্রণ নিতে চাইছে বলে খবর পেয়েছিলাম আমরা,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেন একসময় তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহারে মোতায়েন করা বিশেষ বাহিনীর সদস্য মেজর মোহাম্মদ দ্বীন তাসির।

তাদের কাছে আসা খবরে এলাকাটিতে ৩০০-র মতো তালেবান যোদ্ধা অবস্থান করছে বলে ধারণা দেওয়া হয়েছিল।

“দুর্ভাগ্যজনকভাবে, যা আমরা শুনেছি আর ঘটনাস্থলে যা দেখেছি তার মধ্যে মিল নেই,” বলেছেন তিনি।

তাসির বলেন, দেশের ৮৫ শতাংশ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে তালেবানরা যে দাবি করছে, তা যে অনেকখানি বাড়িয়ে বলা, ঘটনাস্থলে তাদের অনুপস্থিতিই তা প্রমাণ করছে।

রয়টার্স বলছে, বিভিন্ন চেকপয়েন্ট, গ্রাম ও শহরে প্রকাশ্যে হামলার পাশাপাশি নিজেদের ক্ষয়ক্ষতি যেন কম হয়, তা নিশ্চিতে গেরিলা কৌশল অবলম্বন করা একটি শত্রুর সঙ্গে পাল্লা দেওয়া যে কতটা কঠিন, কান্দাহারের এ ঘটনা তাও বোঝাচ্ছে।

দীর্ঘ ২০ বছরের লড়াই শেষে মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বাধীন বিদেশি বাহিনীগুলো আফগানিস্তান ছাড়ার সময়ে দেশটির অনেক এলাকায় তালেবানদের অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে।

অন্য অনেক প্রদেশের মতো কান্দাহারও সাম্প্রতিক সময়ে তালেবানদের ক্রমাগত হামলার সাক্ষী হচ্ছে; আফগানিস্তানে বিদেশি সৈন্যের উপস্থিতির বিরোধিতা করে আসা এ সশস্ত্র গোষ্ঠীটি বলছে, তারা শান্তিপূর্ণভাবে দেশ শাসনে সম্পৃক্ত হতে চায়।

আফগানিস্তানের গজনি ঘিরে রেখেছে তালেবান  

গত সপ্তাহে বিদ্রোহী এ গোষ্ঠীটি দেশটির পশ্চিমাঞ্চলে ইরান সীমান্তের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থানের দখল নিয়েছে; কেন্দ্রস্থ শহর গজনিও চারপাশ থেকে ঘিরে ফেলেছে।

বিদ্রোহীরা আফগান নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশের ওপর আরপিজি ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে কান্দাহারের ডান্ড জেলার খান বাবা গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে বিশেষ বাহিনীকে ডাকা হয়।

রাতে দেখা যায় এমন সরঞ্জাম নিয়ে, হামভি যানে চেপে রাতের অন্ধকারে ছদ্মবেশে ওই গ্রামে পৌঁছায় বিশেষ বাহিনীর সদস্যরা।

তারা যে হামভি যানগুলোতে চড়ে যায়, সেগুলোর বেশ কয়েকটি একসময় মার্কিন বাহিনীর সদস্যদেরও বহন করেছিল। এগুলোর গায়ে এখনও আগের মিশনগুলোর গুলির ক্ষত আছে।

বিশেষ বাহিনীর সদস্যরা পৌঁছে দেখেন, গ্রামটি প্রায় জনমানবশূন্য। অবশ্য আফগান বিমান বাহিনীর বিমান হামলার পর তালেবানরা আগেই অনেকখানি পিছিয়ে গিয়েছিল।

এরপরও গ্রামটির বিভিন্ন স্থানে কিছু তালেবান যোদ্ধা ঘাপটি মেরে থাকতে পারে, এই ধারণা থেকে বিশেষ বাহিনীর সদস্যরা চুপিচুপি এবং দ্রুত ঘরের পর ঘর ধরে, ভেতরে ঢুকে, দেয়াল টপকে অনুসন্ধান চালান।

শেষ পর্যন্ত তারা কয়েকজন বৃদ্ধ গ্রামবাসীর সাক্ষাৎ পান, যারা জানান, যুদ্ধ শুরু হওয়ার পরপরই গ্রামটির অন্য বাসিন্দারা পালিয়ে গেছে।

এদের পাশাপাশি বিশেষ বাহিনীর সদস্যরা আগের লড়াইয়ে আহত সেনাদেরও পায়; এরপর তাদেরকে কাছাকাছি সামরিক ঘাঁটিতে নিয়ে যেতে অগ্রসর হন।

দূরে তখনও বিচ্ছিন্নভাবে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল।

সোমবার আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা টুইটারে জানান, একদিন আগে ডান্ডসহ কান্দাহারের দুটি জেলায় বিমান হামলা ও অভিযানে ২৬ বিদ্রোহী নিহত হয়েছে।

তার এ বক্তব্য ঠিক কিনা, তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

খান বাবা গ্রামে অভিযান শেষে আফগান বিশেষ বাহিনী সামান্য সময়ের বিশ্রাম পায়, খানিকক্ষণ পরেই যে তাদের পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত হতে হবে।