২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুমার জেল: দক্ষিণ আফ্রিকায় সহিংসতা রুখতে সেনা মোতায়েন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে মাঠে নামানো হয়েছে সেনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2021, 10:34 PM

Updated : 07 Apr 2022, 11:21 PM

শনি এবং রোববারের পর সোমবারেও দোকানপাটে লুটপাট হয়েছে এবং জুমার বিক্ষুব্ধ সমর্থকরা বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করেছে।

বিবিসি জানায়, গত সপ্তাহ থেকে শুরু হওয়া সহিংসতা ও লুটপাটের মাঝে অন্তত ৬ জন মারা গেছে এবং ২০০ গ্রেপ্তার হয়েছে।

গত মাসে ১৫ মাসের কারাদণ্ডাদেশ পাওয়ার পর গ্রেপ্তার এড়াতে পুলিশের কাছে ধরা দেন জ্যাকব জুমা। পরে তাকে জেলে পাঠানো হয়। এর প্রতিবাদে দেশ জুড়ে জুমার অনুসারীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ প্রথম দানা বাঁধে জুমার নিজ প্রদেশ কাওয়াজুলু নাটালে।

পরে তা ছড়িয়ে পড়ে। বহু স্থানে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটার বিবরণ পাওয়া গেছে পুলিশ ও গণমাধ্যমের কাছ থেকে। কাওয়াজুলু নাটালের একটি নগরীতে সোমবার শপিং সেন্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়ও, ছবিতে বিভিন্ন ভবন এবং যানবাহনেও অগ্নিসংযোগ করতে দেখা গেছে বিক্ষুব্ধ লোকজনকে। বিক্ষোভকারীরা এমনকী পুলিশের রাবার বুলেটের জবাবে তাজা গুলিও ছুড়ছে বলে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।

সেনাবাহিনী জানিয়েছে, সহিংস পরিস্থিতি শান্ত করতে পুলিশকে সহায়তা করার জন্য সেনা মোতায়েন করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সহিংসতার কোনও যৌক্তিকতা নেই।

সোমবার শীর্ষ আদালতে এক শুনানিতে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার কারাদণ্ডাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন। আদালত অবমামনার দায়ে জুমার কারাদণ্ড হয়।

দক্ষিণ আফ্রিকায় দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের তদন্ত শুরু হওয়ার পর তাতে সহযোগিতার জন্য জুমাকে আদালতে উপস্থিত হতে বললে মাত্র একবার হাজিরা দিয়েছিলেন তিনি।

১৯৯৯ সালে ডেপুটি প্রেসিডেন্ট থাকাকালে করা দুই বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি সংক্রান্ত পৃথক আরেকটি মামলাও আছে জুমার বিরুদ্ধে। তবে সব অভিযোগই অস্বীকার করে জুমা বলে এসেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং জোনডো কমিশন তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

সাংবিধানিক আদালতের শুনানিতে জুমা তার সাজা মওকুফ করা হবে কিংবা কমানো হবে বলে আশা করছেন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন সে সম্ভাবনা খুবই কম। জুমার এই মামলা নিয়ে নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশজুড়ে। এর আগে কোনও সাবেক প্রেসিডেন্টকে জেলে যেতে দেখেনি দেশটির বসিন্দারা।