২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তীব্র তাপদাহ, ছড়িয়ে পড়ছে দাবানল

যুক্তরাষ্ট্রে তীব্র তাপদাহে কয়েকটি এলাকায় তাপমাত্রার রেকর্ড হয়েছে। পশ্চিমাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে দাবানল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 11:26 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে লোকজনকে। চরম আবহাওয়ার মধ্যে আগুন নেভাতে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে অগ্নিনির্বাপণ কর্মীদেরকে।

অ্যারিজোনায় আগুন নেভানোর কাজ করতে গিয়ে দুটি বিমানের সংঘর্ষে দুই দমকলকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। লাস ভেগাসে শনিবার তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস (১১৭ ফারেনহাইট)।

ওই অঞ্চলে বহু জায়গায় ছড়িয়ে পড়া দাবানলের আগুন নেভাতে লড়ে যাওয়া দমকলকর্মীরা বলছেন, বাতাস এতটাই শুষ্ক যে আগুন নেভানোর জন্য পানি ঢালার পর তা মাটিতে পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে।

কয়েকসপ্তাহ আগেই উত্তর আমেরিকায় বিপজ্জনক তাপপ্রবাহের মধ্যে অকস্মাৎ শত শত মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছিল, যাদের বেশিরভাগই তীব্র গরমের কারণে মারা গেছে বলে ধারণা করা হয়। সেই মৃত্যুমিছিলের রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রে এই দাবানল শুরু হল।

নেভাডার উত্তরে ক্যালিফোর্নিয়ার সীমান্তের কাছে দাবানলের কারণে লোকজনকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্র এবং শনিবারের মধ্যে একটি এলাকায় দাবানল দ্বিগুণ আকার ধারণ করেছে। দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখা থেকে আকাশ ছেয়ে যাচ্ছে বিশাল ধোঁয়ার কুন্ডলি ও ছাইয়ে।

Image
ছবি: ইউটিউব ভিডিও

ছবি: ইউটিউব ভিডিও

অরেগনে শনিবার তীব্র বাতাসের কারণে একটি বন এলাকায় দাবানল দ্বিগুন আকার ধারণ করে ২০ স্কয়ারমাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। আইডাহোতে গভর্নর ব্র্যাড লিটল শুক্রবার দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং দমকলকর্মীদের সহায়তা করতে রাজ্যের ন্যাশনাল গার্ড সেনা পাঠিয়েছেন।

জাতীয় আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্যানুযায়ী, নেভাডা এবং ক্যালিফোর্নিয়ার কয়েকটি এলাকায় তাপমাত্রা কোথাও কোথাও রেকর্ড ছুঁয়েছে আবার কোথাও রেকর্ড ভেঙেছে। সামনের দিনগুলোতেও তীব্র গরম থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপদাহের মতো চরম আবহাওয়া ঘন ঘনই মানুষের দুর্ভোগ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।