গুরুত্বপূর্ণ দলের সমর্থন হারালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ শরিক ও সবচেয়ে বড় রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)।
গত বুধবার করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ইয়াসিনের পদত্যাগও দাবি করেছে দলটি।
জোট সরকারে কয়েকমাসের অভ্যন্তরীন কোন্দল মেটাতে ইয়াসিন এক ঊধ্র্বতন ইউএমএনও সদস্যকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই দলটি সমর্থন প্রত্যাহার করে এই পদত্যাগ দাবি করে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ইউএমএনও’র সভাপতি আহমাদ জাহিদ হামিদি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি প্রধানমন্ত্রী। এতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতি ক্ষুণ্ণ হয়েছে। তিনি জনগণের আস্থা হারিয়েছেন।
ইউএমএনও’র কয়েকজন আইনপ্রণেতা ইয়াসিনের দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে না পারা নিয়ে অসন্তুষ্ট। দলটির বর্তমান নেতাদের নিয়ে এখনও সমালোচনায় মুখর ইউএমএনও’র বেশকিছু সদস্য।
কিন্তু মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল ইদ্রুস হারুন বলেছেন, সমর্থন প্রত্যাহারে মুহিদ্দিন ইয়াসিনের প্রধানমন্ত্রীত্ব কিংবা মন্ত্রিসভায় কোনও প্রভাব পড়বে না। কারণ, প্রধানমন্ত্রীর জন্য সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যর সমর্থনই বিবেচ্য। কোন রাজনৈতিক দলের সমর্থন এক্ষেত্রে বিবেচ্য বিষয় হিসেবে দেখা হয় না।
বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুহিদ্দিন ইয়াসিনের সরকারের নির্বাহী ক্ষমতা অক্ষুন্নই থাকবে। কারণ, মুহিদ্দিন তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এমন দেখানোর মতো স্পষ্ট কিছু আপাতত নেই।
২৬ জুলাই থেকে মালয়েশিয়ার পার্লামেন্টে পাঁচ-দিনের বিশেষ অধিবেশন শুরু হবে। জানুয়ারিতে মুলতবি হওয়ার পর এবছর এটিই হবে পার্লামেন্টের প্রথম অধিবেশন।
মালয়েশিয়া সরকারের স্বাস্থ্য, প্রতিরক্ষা ও পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন যে ইউএমএনও মন্ত্রীরা, তারা এখন পর্যন্ত পদত্যাগ করবেন বলে জানাননি।
মালয়েশিয়ায় গত জুন মাস থেকে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় শুরু হয়েছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার দেশটিতে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৮ লাখে, যা ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের পর এশিয়ায় সবচেয়ে বেশি কোভিড শনাক্তের রেকর্ড।
