টুইটার-গুগল-ফেইসবুকের বিরুদ্ধে মামলার ঘোষণা ট্রাম্পের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটার, সার্চ জায়ান্ট গুগল ও এই প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের দাবি, এইসব টেক কোম্পানির কাছ থেকে তিনি সেন্সরশিপের শিকার হয়েছেন। আর তাই ফ্লোরিডা রাজ্যের ফেডারেল কোর্টে মামলা দায়ের করার কথা জানিয়েছেন তিনি।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর জননিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ প্লাটফর্ম থেকে বাতিল করা হয়েছিল তার অ্যাকাউন্ট।
তারপর ফেইসবুক, টুইটারে বার্তা দিতে নানা কৌশল করেও ট্রাম্প সুবিধা করতে পারেননি। বিবিসি জানায়, বুধবার ট্রাম্প তার মামলার পদক্ষেপকে বাকস্বাধীনতার জন্য ‘খুবই চমৎকার এক অগ্রগামী পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন।
নিউ জার্সিতে নিজের গলফ রিসোর্ট থেকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ কোম্পানিগুলো এবং ডেমোক্র্যাটরা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষিদ্ধ করা, নীরব করিয়ে দেওয়া, খেদিয়ে দেওয়া, বাতিল করে দেওয়ার অবসান ঘটানোর দাবি জানাচ্ছি আমরা।”
মামলায় অবৈধ সেন্সরশীপের অবসান ঘটানোর জন্য কোর্টের আদেশ চাওয়া হয়েছে। ট্রাম্প বলেন, “তারা (প্রযুক্তি কোম্পানি) যদি প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে পারে, তাহলে যে কারও ক্ষেত্রেই তারা একাজ করতে পারে।”
টেক জায়ান্ট টুইটার, ফেইসবুক কিংবা গুগল কোনও কোম্পানিই এখন পর্যন্ত ট্রাম্পের এই মামলার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
