২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশের প্রেসিডেন্টের সাবেক প্রতিদ্বন্দ্বীর ১৪ বছরের কারাদণ্ড

বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর সাবেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সমালোচক ভিক্টর বাবারিকোকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jul 2021, 10:09 PM

Updated : 07 Apr 2022, 11:19 PM

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে মঙ্গলবার তাকে এই সাজা দেওয়া হয়। ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল বাবারিকোর বিরুদ্ধে।

তবে বাবারিকো সব অভিযোগ অস্বীকার করেছেন। পশ্চিমা দেশগুলোও বাবারিকোকে কারাদণ্ড দেওয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

আদালত বাবারিকোকে জরিমানা করেছে এবং ভবিষ্যতে সরকারের জ্যেষ্ঠ কোনও পদে তার আসীন হওয়ার ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে বলে জানিয়েছে বেলারুশের একটি মানবাধিকার সংগঠন।

লুকাশেঙ্কো প্রশাসন ক্ষমতা ধরে রাখতে কোনও কসুর ছাড়বে না বলে আদালতের রায়ের সমালোচনা করেছে বেলারুশের রাজধানী মিনস্কে অবস্থিত মার্কিন দূতাবাস।

৫৭ বছর বয়সী ভিক্টর বাবারিকো গত বছর বেলারুশের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। জনমত জরিপের ফলে তিনিই হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর প্রধান প্রতিদ্বন্দ্বী।

তবে নির্বাচনের আগেই গত বছর জুনে বাবারিকোকে গ্রেপ্তার করা হয়, যার জেরে সে সময় বেলারুশজুড়ে বেশ কয়েক মাস বিক্ষোভ চলে। এরপর অগাস্টে নির্বাচন হওয়ার পর বিরোধীরা ভোট জালিয়াতির অভিযোগ তোলে।

বাবারিকো গ্রেপ্তার হওয়ার পর অগাস্টের নির্বাচনে লুকাশেঙ্কোর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিন নারী, যাদের একজন এখনও কারাবন্দি। অন্য প্রার্থী সেভেৎলানা তিখানোভোস্কিয়া চলে গেছেন নির্বাসনে। জালিয়াতি করে লুকাশেঙ্কো ক্ষমতা ধরে রেখেছেন বলে অভিযোগ তুলেছে বিরোধীরা।

তবে ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নির্বাচনে কোনরকম জালিয়াতির কথা অস্বীকার করে আসছেন। তার বিরোধিতা করায় অনেককেই কারাদণ্ড দেওয়া হয়েছে বা নির্বাসনে পাঠানো হয়েছে। এদের মধ্যে লুকাশেঙ্কোর শীর্ষ বিরোধীতাকারী হচ্ছেন বাবারিকো।